যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দলের আক্রমণাত্মক বাগ্যুদ্ধ চলতে থাকলে তৃতীয় কোনো শক্তি মঞ্চ দখল করতে পারে। সরকারি দল ও বিরোধী দলকে বিদ্বেষের জায়গা থেকে সরে আসার অনুরোধও জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘গত ফেব্রুয়ারি থেকে দেশের নানা দৃশ্যপট দেখছি। সরকার ও বিরোধী দলের প্রতিদিনের কর্মকাণ্ড বিশ্লেষণ করে জনগণ। তাই জনতার আগাম পারদ বোঝা যায় না।’
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুর চারলেনের উন্নয়নকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খালেদ রহিম, সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদে ঘরমুখী মানুষের যাত্রাপথ সহনীয় ও নির্বিঘ্ন করতে মহাসড়কে আগামী তিন-চার দিন ট্যাংকলরি, ভারী যন্ত্রপাতি পরিবহন বন্ধ রাখার আহ্বান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক চাপের কারণে এসব বন্ধ করা কষ্টকর হচ্ছে। তবে রপ্তানিপণ্য, পচনশীল দ্রব্য ও জ্বালানির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।