বাগ্যুদ্ধ চলতে থাকলে তৃতীয় শক্তি মঞ্চ দখল করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দলের আক্রমণাত্মক বাগ্যুদ্ধ চলতে থাকলে তৃতীয় কোনো শক্তি মঞ্চ দখল করতে পারে। সরকারি দল ও বিরোধী দলকে বিদ্বেষের জায়গা থেকে সরে আসার অনুরোধও জানান তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘গত ফেব্রুয়ারি থেকে দেশের নানা দৃশ্যপট দেখছি। সরকার ও বিরোধী দলের প্রতিদিনের কর্মকাণ্ড বিশ্লেষণ করে জনগণ। তাই জনতার আগাম পারদ বোঝা যায় না।’ গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুর চারলেনের উন্নয়নকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খালেদ রহিম, সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ঈদে ঘরমুখী মানুষের যাত্রাপথ সহনীয় ও নির্বিঘ্ন করতে মহাসড়কে আগামী তিন-চার দিন ট্যাংকলরি, ভারী যন্ত্রপাতি পরিবহন বন্ধ রাখার আহ্বান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক চাপের কারণে এসব বন্ধ করা কষ্টকর হচ্ছে। তবে রপ্তানিপণ্য, পচনশীল দ্রব্য ও জ্বালানির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।