চার বছর খালি পড়ে ছিল চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘের খাঁচা। শূন্য খাঁচায় শেষ পর্যন্ত বাঘ ঢুকছে। দক্ষিণ আফ্রিকা থেকে দুটি বাঘ আনা হচ্ছে চিড়িয়াখানার জন্য। আগামী বৃহস্পতিবার রাতে বাঘ দুটি চট্টগ্রামে এসে পৌঁছার কথা রয়েছে।
সর্বশেষ ২০১২ সালের ৩০ অক্টোবর বাঘিনী ‘পূর্ণিমা’ মারা যাওয়ার পর থেকে চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘশূন্য ছিল। এর আগে ২০০৬ সালে বাঘিনীর সঙ্গী ‘চন্দ্র’ মারা যায়। ২০০৩ সালে চন্দ্র ও পূর্ণিমাকে আনা হয়েছিল ঢাকা চিড়িয়াখানা থেকে। এখন তাদের শূন্যস্থান পূরণ করবে দক্ষিণ আফ্রিকার দুটি বাঘ।
চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমীন বলেন, ফ্যালকন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৩ লাখ টাকায় বাঘ দুটি সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিমানযোগে বাঘ দুটি চট্টগ্রামে পৌঁছাবে। বাঘ দুটি এক বছর বয়সী।
বাঘের আগমনকে কেন্দ্র করে খাঁচা পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সিংহের খাঁচার পাশেই বাঘের খাঁচাটি। গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম চিড়িয়াখানায় রংপুর থেকে আনা হয় একটি পুরুষ সিংহ। বিনিময়ে চট্টগ্রাম থেকে একটি সিংহী পাঠানো হয় রংপুরে।
চিড়িয়াখানার চিকিৎসক শাহাদত হোসেন বলেন, বাঘ দুটি এলে চিড়িয়াখানার প্রতি দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়বে।
চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব বলেন, দুটি বাঘই বেঙ্গল টাইগার প্রজাতির। এ প্রজাতির পূর্ণবয়স্ক একটি বাঘ লম্বায় ১০ ফুট থেকে ১২ ফুট পর্যন্ত হয়। ওজন হয় সর্বোচ্চ ১৬০ কেজি।