বাঘ ও হরিণের ভাস্কর্য স্থাপন করা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম নগরের সৌন্দর্য বাড়াতে ১০টি বাঘ ও ১২টি হরিণের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। ভাস্কর্য স্থাপনের জন্য ঢাকার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বায়োস্কোপকে কার্যাদেশও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঘ-হরিণের ভাস্কর্যগুলো স্থাপন করা হয়নি।
এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠান পরস্পরকে দোষারোপ করছে। সিটি করপোরেশন বলছে, কার্যাদেশ পাওয়ার পরও নির্ধারিত সময়ে চট্টগ্রাম নগরে বাঘ ও হরিণের ভাস্কর্য স্থাপনের কাজ শুরু করতে পারেনি বায়োস্কোপ। তাই প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল করা হয়েছে।
এদিকে কার্যাদেশ বাতিল করায় করপোরেশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বায়োস্কোপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জেসিন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী কার্যাদেশ দেওয়ার ১৪ দিনের মধ্যে মোট বাজেটের ৫ শতাংশ অর্থ নিরাপত্তা জামানত জমা দিতে হয় এবং চুক্তি করতে হয়। কিন্তু তারা দীর্ঘদিন ধরে চুক্তি সম্পাদন করেনি। তাই তাদের কার্যাদেশ বাতিল করতে হয়েছে।’
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নগরের রেলওয়ে পলোগ্রাউন্ডের সামনের সড়কদ্বীপ, ইস্পাহানি মোড় থেকে টাইগারপাস মোড় পর্যন্ত অবস্থিত পাহাড়ের পাদদেশে ১০টি বাঘ ও ১২টি হরিণের ভাস্কর্য স্থাপন করার কথা ছিল। এ জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল এক কোটি ২০ লাখ টাকা। এসব ভাস্কর্য স্থাপনের জন্য দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হলে এতে চারটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অংশ নেয়। পরে দরপত্র যাচাই-বাছাই শেষে এবং অভিজ্ঞতার ভিত্তিতে গত বছরের ২৮ মে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বায়োস্কোপকে কার্যাদেশ দেওয়া হয়।
কার্যাদেশ অনুযায়ী, চলতি বছরের ১৫ জানুয়ারির মধ্যে ভাস্কর্যগুলো স্থাপন করার নির্ধারিত সময় ছিল। কিন্তু এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ভাস্কর্য স্থাপনে কোনো ধরনের উদ্যোগ নেয়নি বলে জানান করপোরেশনের সংশ্লিষ্ট এক প্রকৌশলী।
২০১১ সালে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধনে করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এই বিজ্ঞাপনী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান নিজ উদ্যোগে ইস্পাহানি মোড় থেকে টাইগারপাস মোড় পর্যন্ত তিনটি বাঘের ভাস্কর্য স্থাপন করেছিল বলে করপোরেশন সূত্রে জানা গেছে।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, কার্যাদেশ পাওয়ার ১৪ দিনের মধ্যে মোট বাজেটের ৫ শতাংশ অর্থ নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হয়। কিন্তু তারা এ অর্থ জমা দেয় গত বছরের ৩০ ডিসেম্বর। এ অবস্থায় গত ২২ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে সিটি করপোরেশন।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বাঘ ও হরিণের ভাস্কর্য স্থাপন করলে এবারের সৌন্দর্যবর্ধন কার্যক্রম আরও ভালো হতো এবং নগরও সুন্দর হতো।
বায়োস্কোপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জেসিন প্রথম আলোকে বলেন, ‘ভাস্কর্য স্থাপনের স্থান নির্ধারণ করে দেওয়ার জন্য করপোরেশনকে চিঠি দিয়েছিলাম। করপোরেশন তার উত্তর না দিয়ে হঠাৎ করে কার্যাদেশ বাতিল করে দেয়। এ ব্যাপারে আমরা আইনের আশ্রয় নেব।’