বাঘ পর্যবেক্ষণে বিজ্ঞানসম্মত উপায় খুঁজে বের করার পরামর্শ বিশেষজ্ঞদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘ পর্যবেক্ষণে আরও বিজ্ঞানসম্মত উপায় খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অংশে বাঘ পর্যবেক্ষণের জন্য দুই দেশের সমন্বয়ে কার্যকর পদ্ধতি গ্রহণের কথাও বলেছেন তাঁরা। কয়েকজন বিশেষজ্ঞ সুন্দরবনে পর্যটকদের অবাধ যাতায়াতের ওপর নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করেন।গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট বাংলাদেশ ও বন বিভাগের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী দিনে আন্তর্জাতিক বাঘ বিশেষজ্ঞরা এসব কথা বলেন।সুন্দরবনকে বাঘের নিরাপদ আবাস হিসেবে গড়ে তোলার জন্য ‘সায়েন্টিফিক মনিটরিং অব টাইগারস ইন দ্য সুন্দরবনস অব ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।আলোচকদের মধ্যে ছিলেন ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির জন গুডরিচ, জ্যুলজিক্যাল সোসাইটি অব লন্ডনের লিন্ডা কার্লি, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্মিথ, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার শিক্ষক যাদভেন্দ্রদেব ঝালা ও কামার কোরেশী। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের প্রধান নির্বাহী মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী।হাছান মাহমুদ বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় সুন্দরবন অবদান রাখছে। সুন্দরবনকে রক্ষা করতে হলে এই বনের অভিভাবক বাঘকে রক্ষা করতে হবে।বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ট্রাস্টের মতে, সুন্দরবনের বাংলাদেশ অংশে ৩০০ থেকে ৫০০ বাঘ রয়েছে। আর ভারতের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের কর্মকর্তাদের মতে, ভারতীয় অংশের সুন্দরবনে বাঘের সংখ্যা ৬৫ থেকে ৯৫টির মতো।