বাঘ বা হাতি মারলে ১২ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘ বা হাতি মারার অপরাধে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডের বিধান রেখে বন্য প্রাণী (সংরক্ষণ) বিল-২০১১ সংসদে উত্থাপন করা হয়েছে। এই শাস্তির সঙ্গে ১৫ লাখ টাকা অর্থদণ্ডেরও বিধান রাখা হয়েছে।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদের পক্ষে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বিলটি উত্থাপন করেন। পরে বিলটি সম্পর্কে প্রতিবেদন চেয়ে তা বন ও পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত আইনে চিতা বাঘ, লাম চিতা, উল্লুক, সাম্বার হরিণ, কুমির, ঘড়িয়াল, তিমি বা ডলফিন মারলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। পাখি বা পরিযায়ী পাখি মারলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা বা ঊভয় দণ্ড দেওয়া হবে।সংসদে মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে দেশ থেকে গন্ডার, বুনো মহিষ, বারসিঙ্গা, নীলগাই, বন ছাগলসহ অনেক প্রজাতি হারিয়ে গেছে। এইউসিএনের রেড ডেটা বুক (২০০০) অনুসারে আট প্রজাতির উভচর, ৫৮ প্রজাতির সরীসৃপ, ৪১ প্রজাতির পাখি ও ৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিপদাপন্ন ও বিলুপ্তপ্রায়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, যেকোনো সরকারি বনভূমিকে ইকোপার্ক, সাফারি পার্ক ও উদ্ভিদ উদ্যান বা ক্ষেত্র, বন্য প্রাণী প্রজননকেন্দ্র হিসেবে ঘোষণা করা যাবে। এ ছাড়া সরকারি বন, সরকারি ভূমি, জলাভূমি বা যেকোনো নির্দিষ্ট এলাকাকে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা যাবে। অভয়ারণ্যে কেউ চাষাবাদ, শিল্প-করাখানা স্থাপন, উদ্ভিদ আহরণ ও ধ্বংস করতে পারবে না। করলে দুই বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হবে। লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি কারও কাছ থেকে বন্য প্রাণী, বন্য প্রাণীর কোনো অংশ, মাংস, ট্রফি বা কোনো দ্রব্য কিনলে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।প্রস্তাবিত আইনে চারটি তফসিলে উভচর ৩২ প্রজাতি, সরীসৃপ ১৫৮ প্রজাতি, পাখি ৬২২ প্রজাতি, স্তন্যপায়ী ১১৩ প্রজাতি, মাছ ৫২ প্রজাতি, পর্ব নিডারিয়া ৩২ প্রজাতি, শামুক ও ঝিনুক ১৩৭ প্রজাতি, কাঁকড়া ও লভস্টার ২২ প্রজাতি, মথ ৫৯ প্রজাতি, কীটপতঙ্গ ২৪ প্রজাতি, ভারমিন ছয় প্রজাতি, উদ্ভিদ ৫৭ প্রজাতি এবং অর্কিড ১৩ প্রজাতি চিহ্নিত করা হয়েছে।ভবঘুরে আইন পাস: ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের জাতীয় উন্নয়নের মূল স্রোতধারায় আনতে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১ মঙ্গলবার সংসদে পাস হয়েছে।এ আইন পাস হওয়ায় কোনো ভবঘুরে বা নিরাশ্রয় ব্যক্তি অনুমতি ছাড়া আশ্রয়কেন্দ্র ত্যাগ করলে বা পালিয়ে গেলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা যাবে।সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বিলটি সংসদে উপস্থাপন করেন। আইনটির ওপর যাচাই-বাছাই প্রস্তাব এবং সংশোধনীগুলো কণ্ঠভোটে নাকচ হয়। পরে আইনটি কণ্ঠভোটে পাস হয়। ভবঘুরে আইন পাসের মাধ্যমে ‘বেঙ্গল ভ্যাগরেন্সি অ্যাক্ট, ১৯৪৩’ বিলুপ্ত হলো।