বাঘ রক্ষায় দেশ ঘুরবে 'টাইগার ক্যারাভ্যান'
‘বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব’ স্লোগান নিয়ে একটি বাস সারা দেশে ১০০টি স্থানে যাবে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাঘ রক্ষায় দেশজুড়ে সচেতনতা তৈরি করতে দুই বছর ধরে চলবে এই প্রচারাভিযান। ‘টাইগার ক্যারাভ্যান’ নামের এই কর্মসূচি ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
গতকাল বুধবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে টাইগার ক্যারাভ্যান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ১১ ফেব্রুয়ারি কৃষিবিদ ইনস্টিটিউটে বসবে সংলাপ ‘টাইগার টক’। সেখানে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন এই প্রচারাভিযানের উদ্বোধন করবেন।
এ উদ্যোগটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বাঘ সংরক্ষণ প্রকল্পের একটি অংশ। বন বিভাগ ও বেসরকারি সংগঠন ওয়াইল্ডটিম এই প্রচারাভিযান বাস্তবায়ন করবে।
সংবাদ সম্মেলনে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, ‘বিশ্বে এখন মাত্র ৩ হাজার ২০০ বাঘ রয়েছে। এর মধ্যে বাংলাদেশের সুন্দরবনে বেঙ্গল টাইগার আছে ১০৬টি। এই বাঘকে আমাদের রক্ষা করতে হবে। বাঘ রক্ষায় জনসচেতনতা তৈরিতেই এই ক্যারাভ্যান করা হচ্ছে।’
টাইগার ক্যারাভানে থাকবে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে পথনাটক, দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের ছবি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি। এসব কার্যক্রমের মাধ্যমে সুন্দরবন ও বাঘ বিষয়ে সচেতনতা তৈরি করা হবে।
টাইগার ক্যারাভ্যান ও ওয়াইল্ড টিমের বাঘ প্রকল্পের সমন্বয়কারী নাসির উদ্দিন বলেন, টাইগার ক্যারাভ্যানটি একটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন বাঘের মতো দেখতে একটি বাস। এর মধ্যে ওয়াইফাই থাকবে। এর ফলে বাসটি যে এলাকায় যাবে সেখানকার মানুষ ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট সুবিধা পাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাসের ভেতরে সুন্দরবনের আদলে পরিবেশ তৈরি করা হবে। সেখানে বাঘ, হরিণ, কুমির ইত্যাদির প্রতিরূপ থাকবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, খুলনা সার্কেলের বন সংরক্ষক ও ইউএসএআইডির বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক জহির উদ্দিন আহমেদ প্রমুখ।
টাইগার ক্যারাভ্যানের মিডিয়া পার্টনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ডেইলি স্টার, কিশোর ম্যাগাজিন ‘কিআ’, গাজী টেলিভিশন, এবিসি রেডিও।