বাঘের বসতি আছে এমন এলাকার পাশে শিল্পপ্রতিষ্ঠান ও ভারী অবকাঠামো নির্মাণ না করার অঙ্গীকারসহ নয় দফা ঢাকা ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভের (জিটিআই) দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এই সম্মেলনের গতকাল ছিল সমাপনী দিন।
ঘোষণায় বাঘের অস্তিত্ব রক্ষায় অবকাঠামো বাড়ানো, বাঘের বসতির নিরাপত্তা, স্থানীয় জনগোষ্ঠীকে বাঘ রক্ষায় যুক্ত করা, বাঘ আছে এমন দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় উদ্যোগ বাড়ানো, বাঘের বসতি এলাকায় বনায়ন, বাঘ রক্ষায় প্রয়োজনীয় তহবিল বরাদ্দ, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাঘ রক্ষায় যুক্ত করা, সচেতনতা তৈরি, বাঘ রক্ষায় তদারকি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা বলা হয়েছে।
ঘোষণাপত্রে সারসংক্ষেপ তুলে ধরার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান বন সংরক্ষক ইউনুস আলী, জিটিআইয়ের প্রকল্প ব্যবস্থাপক আন্দ্রে ভি কুসলিন ও বন্য প্রাণীবিষয়ক আন্তর্জাতিক সংস্থা সাইটস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক কুসাভ ভার্মা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা সুন্দরবনের পাশে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা বাঘের অস্তিত্ব হুমকির মুখে ফেলবে কি না, এই প্রশ্ন তোলেন। উত্তরে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী জানান, বিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে। তবে এই প্রকল্পের ব্যাপারে বন বিভাগ তাদের উদ্বেগের কথাও জানিয়েছে।
বাঘ রক্ষায় শুরু হলো ‘বাঘ’ প্রকল্প: এক শতাব্দী আগেও দেশের ১৭ জেলায় বাঘের বিচরণ ছিল। এখন তা শুধু সুন্দরবনেই আছে। সেখানে বর্তমানে যে কয়টি বাঘ আছে, তাদের চোরা শিকারিদের হাত থেকে রক্ষায় যাত্রা শুরু করেছে বেঙ্গল টাইগার কনজারভেশন অ্যাক্টিভিটি বা ‘বাঘ’ প্রকল্প।
যুক্তরাষ্ট্র সরকারের বিদেশবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহায়তায় বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক সংস্থা ওয়াইল্ড টিম প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পে সহযোগিতা করবে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ (বিসিএএস) এবং আন্তর্জাতিক সংস্থা স্মিথসোনিয়ন ইনস্টিটিউশন।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে চার বছরমেয়াদি বাঘ প্রকল্পটির যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ দেশ-বিদেশের খ্যাতনামা বাঘবিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে মন্ত্রী আনোয়ার হোসেন নিজেকে সুন্দরবনের পার্শ্ববর্তী জেলার অধিবাসী পরিচয় দিয়ে বলেন, ‘আমরা বলি বাঘের নির্মমতা আর হিংস্রতার কথা। কিন্তু ভুল করে বসতি এলাকায় চলে এলে আমরা যেভাবে বাঘকে ঘিরে ফেলি, আক্রমণ করি, তা-ও কম হিংস্র নয়। বরং মানুষের নির্মমতায় বাঘের জীবন আজ বিপন্ন।’
ড্যান মজীনা সুন্দরবনের বাঘকে পৃথিবীর অন্যতম সেরা প্রাণী হিসেবে চিহ্নিত করে বলেন, এই প্রাণীটিকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাবে।
ওয়াইল্ড টিমের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ ও বনসচিব নজিবুর রহমান এবং প্রধান বন্য প্রাণী সংরক্ষক ইউনুস আলী।