বাঘ হত্যা ও এর অঙ্গপ্রত্যঙ্গের চোরাচালান বন্ধ করার লক্ষ্যে নয়টি দেশের গোয়েন্দা পুলিশ ও বন বিভাগের সদস্যরা একযোগে কাজ করবেন। এসব দেশে বাঘের আবাস টিকিয়ে রাখার জন্য পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়েরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাঘের বিলুপ্তি ঠেকানোর এই উদ্যোগ বাস্তবায়নের কাজে সহযোগিতা করবে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। নয়টি দেশ হলো বাংলাদেশ, ভারত, নেপাল, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম।
গতকাল রোববার রাজধানীর পুলিশ স্টাফ কলেজের আন্তর্জাতিক মিলনায়তনে ওই দেশগুলোর পুলিশ বাহিনীর গোয়েন্দা ও বন বিভাগের সদস্যদের দুই সপ্তাহের একটি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। এ প্রশিক্ষণে ইন্টারপোলের কেন্দ্রীয় কার্যালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও যোগ দিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, এই নিবিড় প্রশিক্ষণের মধ্য দিয়ে যে জ্ঞান ও দক্ষতা তৈরি হবে, তা বাঘজাতীয় প্রাণী রক্ষায় কাজে লাগানো হবে। দেশে যারা বন্য প্রাণী অপরাধ ও চোরাচালানে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইন্টারপোলের পরিবেশ নিরাপত্তা বিভাগের অপরাধ গোয়েন্দা বিশ্লেষক ডারিও গালাসো বলেন, যেসব দেশে বাঘের আবাস রয়েছে, শুধু একা বন বিভাগ বাঘ রক্ষা করতে পারছে না। কেননা, বাঘ হত্যা ও চোরাচালানের সঙ্গে বৈশ্বিক অপরাধী দল জড়িত রয়েছে। এই আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে কঠোরভাবে নামার জন্য এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঁচ বছরে সুন্দরবনে বন্দুকযুদ্ধে মারা গেছে ৭১ জন: গত পাঁচ বছরে সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭১ জন নিহত হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হয়েছে আরও ২২৩ জন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এরা বাঘ শিকারি ও বনদস্যু। এ ছাড়া এসব অপরাধীর কাছ থেকে অস্ত্রসহ বিপুল পরিমাণ বাঘের চামড়া ও হাড় উদ্ধার করা হয়েছে।
গতকাল ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে এ তথ্য তুলে ধরা হয়।