বাঘ রক্ষায় আট দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ বাঘ আছে এমন নয়টি দেশের পুলিশের গোয়েন্দা বিভাগ ও বন বিভাগের সদস্যরা একযোগে বাঘ রক্ষায় কাজ করবে। বাঘ হত্যা বন্ধ ও বাঘের অঙ্গপ্রত্যঙ্গ চোরাচালান বন্ধ করতে এই দেশগুলো পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার রাজধানীর পুলিশ স্টাফ কলেজের আন্তর্জাতিক মিলনায়তনে ওই নয়টি দেশের পুলিশ বাহিনীর গোয়েন্দা বিভাগ ও বন বিভাগের দুই সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে ইন্টারপোলের কেন্দ্রীয় কার্যালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তা যোগ দিচ্ছেন।

বাঘ যাতে বিলুপ্ত না হয়—সেই লক্ষ্যেই দেশগুলো এই উদ্যোগ নিয়েছে। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল এ কাজে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিচালক এ কে এম শহিদুল হক বলেন, এই নিবিড় প্রশিক্ষণের মধ্য দিয়ে যে জ্ঞান ও দক্ষতা তৈরি হবে, তা পৃথিবীর বাঘ জাতীয় প্রাণী রক্ষায় কাজে লাগানো হবে। দেশে যারা বন্যপ্রাণী অপরাধ ও চোরাচালানের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইন্টারপোলের পরিবেশ নিরাপত্তা বিভাগের অপরাধ গোয়েন্দা বিশ্লেষক ডারিও গালাসো বলেন, বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী। বাঘসমৃদ্ধ সবগুলো দেশেই বাঘ রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু বন বিভাগ বাঘ রক্ষা করতে পারছে না। কেননা বাঘ হত্যা ও চোরাচালানের সঙ্গে বৈশ্বিক অপরাধী দল যুক্ত হয়ে পড়েছে। এই আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে শক্তভাবে নামার জন্য এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে। বাঘ সমৃদ্ধ দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা যাবে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ, ভারত, নেপাল, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম এর পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বন বিভাগের শীর্ষ কর্মকর্তারা প্রশিক্ষণে যোগ দিয়েছেন।