সুন্দরবনে নানা প্রাকৃতিক বৈরিতা মোকাবিলা করে টিকে থাকা বাঘের সবচেয়ে বড় শত্রু এখন চোরা শিকারিরা। এই বিপদ থেকে বাঘকে রক্ষা করতে হলে বন বিভাগের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করা জরুরি।
সুন্দরবনের বাঘ রক্ষায় আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় সংলাপে এই অভিমত উঠে এসেছে। সংলাপে বক্তারা বলেন, ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনে এখন মাত্র ১০৬টি বাঘ রয়েছে। গত বছরই চোরা শিকারিদের হাতে নিহত ৯টি বাঘের চামড়া, ৮০টি হাড় ও ২৬টি দাঁত উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই বিপদ মোকাবিলায় সবার জন্য অবশ্যপালনীয় হবে এমন একটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেন বক্তারা। সুন্দরবনের শ্যালা নদীতে একটি লঞ্চে অনুষ্ঠিত এই সংলাপের আয়োজক ছিল বন বিভাগ ও বন্য প্রাণী-বিষয়ক সংস্থা ওয়াইল্ড টিম। এতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক-বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি। সংলাপ শেষে একটি সুপারিশমালা তৈরি করা হয়।
৭-৯ মার্চ পর্যন্ত চলা এই সংলাপে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), বাংলাদেশে মার্কিন দূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন। সংলাপ থেকে বাঘ রক্ষায় নিয়োজিত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা করা হবে বলে জানানো হয়।
সংলাপে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বাঘ রক্ষার ক্ষেত্রে অন্যতম বাধা হিসেবে বাঘ শিকারি ও চোরাচালানিকে চিহ্নিত করেন। তিনি বলেন, এরা রাজনৈতিকভাবে মদদ পাচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা এদের সহায়তা করছে। এসব বন্য প্রাণীর দেহের বিভিন্ন অংশ চীনের বাজারে পাচার হচ্ছে।
আনোয়ার হোসেন বলেন, সুন্দরবন রক্ষার বেশির ভাগ প্রকল্প এখনো বৈদেশিক সহায়তানির্ভর। এ জন্য অর্থমন্ত্রীর কাছে সুন্দরবন রক্ষায় বাজেটে বরাদ্দ দেওয়ার দাবি জানাবেন বলে তিনি জানান।
সংলাপে পরিবেশ ও বন মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াহিয়া চৌধুরী বলেন, ‘সুন্দরবন আমাদের গর্ব। তবে ভারতেও সুন্দরবন রয়েছে। ফলে বাঘ রক্ষায় ভারতের সঙ্গেও সমন্বয় করতে হবে।’
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের একটি ছোট শিশুও বাঘ চেনে। এশিয়ার অনেক দেশ বাংলাদেশ থেকে বাঘ রক্ষায় শিক্ষা নেবে এই আশা করে তিনি বাঘ রক্ষায় সব কটি সরকারি সংস্থা এবং উন্নয়ন-সহযোগী কাজ করতে পারে এমন একটি কর্মপরিকল্পনা করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, সুন্দরবনের ভেতর দিয়ে যেসব নদী বয়ে গেছে তার উজান থেকে মিষ্টি পানির প্রবাহ কমে গেছে। ফলে সুন্দরবনে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। এতে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক জহিরউদ্দিন আহমেদ বাঘ রক্ষায় সুন্দরবনের ওপর নির্ভরশীল ৩৫ লাখ বনজীবীর বিকল্প জীবিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি সুন্দরবনের ভেতর দিয়ে নৌচলাচল করায় বাঘসহ অন্য প্রাণীদের স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নিরোদ চন্দ্র মণ্ডল, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ মোহসিন চৌধুরী, আবদুল হান্নান, খুলনার উপবন সংরক্ষক (বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ), ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউএসএআইডি ও পুলিশের খুলনার শীর্ষস্থানীয় কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও অংশগ্রহণকারীরা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে অভিযানের মহড়া দেখতে যান। পরে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত সুন্দরবনে বন বিভাগ, ওয়াইল্ড টিম ও আন্তর্জাতিক সংস্থা প্যানথেরার সমন্বয়ে গঠিত স্মার্ট পেট্রোলিং টিম ও বাঘ রক্ষায় বনজীবীদের নিয়ে গঠিত ভিলেজ টাইগার রেসপন্স টিমের প্রতিনিধিরা তাঁদের কার্যক্রম তুলে ধরেন।