
বাঘ রক্ষায় বাংলাদেশ অন্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। ভারত-রাশিয়া তো বটেই, ভুটান-মিয়ানমারও বাঘ রক্ষা কার্যক্রমে বাংলাদেশের চেয়ে বেশি সফলতা দেখিয়েছে।
বাঘ আছে—বিশ্বের এমন ১৩টি দেশের নেওয়া নয়টি উদ্যোগের অগ্রগতি মূল্যায়ন করে গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ (জিটিআই) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বাংলাদেশের এই অবস্থানের কথা বলা হয়েছে।
বাঘ রক্ষায় নেওয়া উদ্যোগগুলোকে মূল্যায়ন করে জিটিআই সাতটি দেশের অর্জনকে ভালো ও সন্তোষজনক হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ ওই তালিকায় স্থান পায়নি। এ ক্ষেত্রে সবচেয়ে সফলতা দেখিয়েছে ভারত। তার পরেই আছে থাইল্যান্ড। রাশিয়া, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়াও বাঘ রক্ষায় জিটিআইয়ের দেওয়া নয়টি লক্ষ্যমাত্রার একাধিক ক্ষেত্রে সফলতা দেখিয়েছে।
জিটিআইয়ের বাঘ রক্ষায় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ দেশগুলোর তালিকায় বাংলাদেশের সঙ্গে আছে নেপাল, কম্বোডিয়া, চীন, ভিয়েতনামের নাম।
বাংলাদেশ ওই নয়টি ক্ষেত্রেই সফলতা দেখাতে পারেনি। প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের উদ্যোগগুলো প্রক্রিয়াধীন হিসেবে দেখানো হয়েছে। গত সোমবার ঢাকায় এই সংগঠনটির সম্মেলন শুরু হয়েছে, যা আজ ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে। এই সম্মেলনের আয়োজক হলেও নিজ দেশে বাঘের সংখ্যা কত, তার কোনো হালনাগাদ তথ্যও দিতে পারেনি বাংলাদেশ।
জিটিআইয়ের অপারেশন কর্মকর্তা অ্যান্ড্রু জাখারেঙ্কা প্রথম আলোকে বলেন, যে নয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার পূর্ণাঙ্গ নম্বর হচ্ছে ২। ১ দশমিক ২৪ হচ্ছে এর ন্যূনতম সন্তোষজনক নম্বর। বাংলাদেশ তার কোনো উদ্যোগই শেষ করতে না পারায় ১ নম্বর পেয়েছে, যা গড় নম্বরের চেয়ে বেশ কম।
বাংলাদেশের দেওয়া অগ্রগতির প্রতিবেদনে বন বিভাগের জন্য ১৫ শতাংশ তহবিল বাড়ানো, নতুন নিয়োগ পাওয়া কর্মীদের দক্ষতা এবং নতুন টহল নৌযান কেনাকে সফলতা হিসেবে বলা হয়েছে। তবে জিটিআইয়ের প্রতিবেদনে সুন্দরবন থেকে চোরা শিকারিদের মাধ্যমে পাচার হওয়া তিনটি বাঘ উদ্ধার, দুটি আহত বাঘকে চিকিৎসা দিয়ে সুন্দরবনে ফেরত পাঠানোকে অনুকরণীয় সফলতা হিসেবে উল্লেখ করা হয়।
বন বিভাগের বন্যপ্রাণী এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক ড. তপন কুমার দের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, বাঘ রক্ষায় বন বিভাগের নেওয়া উদ্যোগগুলো খুব শিগগির সফলতার মুখ দেখবে। আশা করা যায়, সামনের বছরের মধ্যে বাংলাদেশের অবস্থান ভালো হবে।
লক্ষ্য থেকে পিছিয়ে বাংলাদেশ: বিশ্বের মহাবিপন্ন হিসেবে স্বীকৃত এই জাতীয় প্রাণীটির অস্তিত্ব রক্ষায় অবকাঠামো বাড়ানো, বাঘের বসতির নিরাপত্তা, স্থানীয় জনগোষ্ঠীকে বাঘ রক্ষায় যুক্ত করা, বাঘ আছে এমন দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় উদ্যোগ বাড়ানো, বাঘের বসতি এলাকায় বনায়ন, বাঘ রক্ষায় প্রয়োজনীয় তহবিল বরাদ্দ, ব্যবসায়ী এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাঘ রক্ষায় যুক্ত করা, সচেতনতা তৈরি, বাঘ রক্ষায় তদারকি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জিটিআই।
বাঘ রক্ষার এ কাজে বাংলাদেশ গত দুই বছরে বন বিভাগে মোট ৯৫৭ জনবল নিয়োগ দেবে বলে ঘোষণা দিয়েছিল। গত জুলাই পর্যন্ত ৮০৭ জনকে নিয়োগ দিতে পেরেছে এই বিভাগ। অস্থায়ী কর্মচারী পদে ২৩১ জন নিয়োগের লক্ষ্যমাত্রা থাকলেও নিয়োগ পেয়েছেন ১৩১ জন। অঙ্গীকার অনুযায়ী, বনকর্মীদের ঝুঁকি ভাতা ও যাতায়াত খরচ এখনো দেওয়া হয় না। বন বিভাগ এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী দুটি সমুদ্রগামী ট্রলার, বাঘের নিরাপত্তা তদারকির জন্য একটি লঞ্চ এবং বন বিভাগের কর্মকর্তাদের জন্য দুটি লঞ্চ কিনতে পারেনি।
চোরা শিকারিদের হাত থেকে বাঘ রক্ষায় বনপ্রহরীদের জন্য ৩০টি শটগান, ১০০টি চায়নিজ রাইফেল এবং পাঁচটি ট্রাংকুলাইজার গান (প্রাণী অচেতন করায় ব্যবহৃত বন্দুক) কেনার কথা থাকলেও বাংলাদেশ বন বিভাগ এখন পর্যন্ত তা করেনি। এ ছাড়া বাঘের নিরাপত্তা তদারকির নৌযানগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানি দেওয়া হয় না বলে জিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রথম গ্লোবাল টাইগার সামিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের পাঁচটি দেশের রাষ্ট্রপ্রধান ওই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে অংশগ্রহণকারী ১৩টি দেশ বাঘ রক্ষায় গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ গঠন করে। ২০১২ সালে ভুটানের রাজধানী থিম্পুতে জিটিআইয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ২০২২ সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়। তাতে ওই নয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
বাঘের সংখ্যা নিয়ে বিপত্তি: ২০০৪ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় বন বিভাগ বাঘের পায়ের ছাপ দেখে যে শুমারি করেছিল, তাতে বাংলাদেশে বাঘের সংখ্যা পাওয়া গিয়েছিল ৪৪০টি। ২০০৬ সালে জুয়োলজিক্যাল সোসাইটি অব লন্ডনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান ক্যামেরায় ছবি তোলার মাধ্যমে করা জরিপে বাঘের সংখ্যা পান প্রায় ২০০।
বন বিভাগ গত জুন থেকে বিশ্বব্যাংকের অর্থায়নে এবং ভারতের বন বিভাগের সহায়তায় ক্যামেরা পদ্ধতিতে আরেকটি জরিপ শুরু করেছে। সুন্দরবনের তিনটি কম্পার্টমেন্টের মধ্যে দুটিতে ওই জরিপটি শেষ হয়েছে। একটি কম্পার্টমেন্টের জরিপ এখনো চলছে। ফলে এই গণনায় বাঘের সংখ্যা কত, তা চূড়ান্ত হয়নি। তবে জরিপের সঙ্গে যুক্ত বন বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বাঘের সংখ্যা ২০০-এর বেশি হবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ মনিরুল এইচ খান প্রথম আলোকে বলেন, বাঘ সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ বাঘ রক্ষায় নেওয়া বৈশ্বিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ তার বাঘ রক্ষায় নেওয়া উদ্যোগগুলোর প্রকৃত চিত্র বুঝতে পারবে। এটা সুন্দরবনের বাঘ রক্ষায় বাংলাদেশকে সাহায্যই করবে।