বাঘ রক্ষায় বাংলাদেশ-ভারত প্রটোকল সই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘ ও বন্যপ্রাণী রক্ষায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান যৌথ উদ্যোগ নিতে যাচ্ছে। প্রাথমিকভাবে সুন্দরবনের ‘বেঙ্গল টাইগার’ রক্ষায় বাংলাদেশ-ভারত একটি প্রটোকল সই করবে। বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংক সূত্রে এ কথা জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার সুন্দরবন রক্ষায় কী ধরনের উদ্যোগ নেবে, তা চূড়ান্ত করতে পাঁচটি সমীক্ষা চালাবে বন বিভাগ। বিশ্বব্যাংকের দেওয়া সাত কোটি টাকা কারিগরি সহায়তায় সমীক্ষাগুলো পরিচালিত হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় একটি সমন্বিত পরিকল্পনা নেওয়ার কাজে এই সমীক্ষার ফলাফলকে ব্যবহার করা হবে। পাঁচ বছরের জন্য একটি প্রকল্পের মাধ্যমে সুন্দরবন রক্ষায় এই উদ্যোগ নেওয়া হবে। চলতি বছরের মধ্যেই বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের চার দেশীয় যৌথ প্রকল্পটির ব্যাপারে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে ‘বন্যপ্রাণী রক্ষায় আঞ্চলিক অভিযান’ নামের এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। এখান থেকে বাংলাদেশকে ২৭ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সুন্দরবনের প্রধান রক্ষক রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ-ভারত একত্রে কাজ করতেই প্রটোকল স্বাক্ষর করবে। ভবিষ্যতের হুমকি মোকাবিলার প্রস্তুতি হিসেবে আঞ্চলিক উদ্যোগগুলো নেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রকল্পটির অন্যতম উদ্দেশ্যের মধ্যে বন্যপ্রাণী পাচার রোধে সমন্বিত উদ্যোগের প্রসঙ্গে প্রধান বন সংরক্ষক বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে বন্যপ্রাণী পাচার হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে সমীক্ষা চালানো হবে। এ ছাড়া বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় প্রয়োজনগুলোকেও গুরুত্ব দেওয়া হবে। ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ টাইমস অব ইন্ডিয়াসহ সে দেশের শীর্ষ গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, যৌথভাবে সুন্দরবন রক্ষায় বাংলাদেশ ও ভারত শিগগিরই যৌথ উদ্যোগ নিতে যাচ্ছে। পাচার রোধে উদ্যোগ: বিশ্বব্যাংকের প্রকল্প নথিতে দক্ষিণ এশিয়ায় এ ধরনের উদ্যোগ নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, পৃথিবীর ১৩ থেকে ১৫ শতাংশ জীববৈচিত্র্য এই অঞ্চলে রয়েছে। বাংলাদেশ বাঘ ও দুর্লভ বন্যপ্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের অন্যতম ট্রানজিট রুট। ভারত ও মিয়ানমারের বনাঞ্চল থেকে প্রতিবছর বিপুলসংখ্যক বন্যপ্রাণী মেরে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ পাচার হয়। এর বেশির ভাগই চীন ও পূর্ব এশিয়ার দেশগুলোতে ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহূত হয়। বিশ্বব্যাংক বলছে, আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংগঠন ইন্টারপোলের হিসাব অনুযায়ী বিশ্বে প্রতিবছর ১৪ হাজার কোটি টাকার বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য হয়। বন্যপ্রাণী পাচার অন্যান্য আন্তসীমান্ত অপরাধের জন্ম দিচ্ছে। সুন্দরবনের ৬২ শতাংশ এলাকা বাংলাদেশ সীমানায় এবং বাকি অংশ ভারতীয় সীমানার মধ্যে। বন বিভাগের হিসাব অনুযায়ী সুন্দরবনে ৪২৫ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। যার মধ্যে ৩০০ প্রজাতির পাখি ও রয়েল বেঙ্গল টাইগারসহ ৪২ প্রজাতির মাংশাসি প্রাণী রয়েছে। ১২ লাখ মানুষের জীবিকা সুন্দরবনের সম্পদের ওপর নির্ভরশীল। প্রটোকলে যা আছে: প্রটোকলের অন্যতম বিষয় হচ্ছে দুই দেশের মধ্যকার সীমানাসংক্রান্ত সব সভায় বেঙ্গল টাইগারের নিরাপত্তাসংক্রান্ত এজেন্ডা অন্তর্ভুক্ত করা। এ ক্ষেত্রে একটি ‘বাঘ রক্ষার দল’ গঠন করা হবে। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে দুই দেশই সুন্দরবন এলাকায় এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে এর জীববৈচিত্র্য ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি হয়। ভারতের পক্ষ থেকে এই প্রস্তাবের ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, সুন্দরবনের ওপর দুই দেশ যৌথ গবেষণা ও সমীক্ষা চালাবে। তথ্যব্যবস্থা গড়ে তুলবে ও গবেষণার ফলাফল লেনদেন করবে। সুন্দরবনের সম্পদ ও বন্যপ্রাণী রক্ষা, পাচার রোধ দুই দেশের বনরক্ষীরা পরস্পরকে সহায়তা করবেন। এক দেশের সীমানায় যদি অন্য দেশের বন্যপ্রাণী পাচার হওয়ার সময় ধরা পড়ে, তাহলে তা ফিরিয়ে দেওয়া হবে।