বাঘ রক্ষায় বিশেষ বাহিনী হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাঘ রক্ষায় সরকার বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া সুন্দরবন ও বাঘ রক্ষায় বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে কাজ শুরু করতে যাচ্ছে।গতকাল শুক্রবার বিশ্ব বাঘ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।সভায় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাঘ রক্ষায় হরিণ বাঁচাতে হবে। কারণ, প্রতিবছর সুন্দরবনের ১০ হাজার হরিণ মানুষের হাতে মারা পড়ে। আর রয়েল বেঙ্গল টাইগারের ৮০ শতাংশ খাবারের জোগান আসে এই হরিণ থেকে।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাঘ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম।বন বিভাগ, বাংলাদেশ বন্য প্রাণী ট্রাস্ট ও বাংলালিংক যৌথভাবে এ দিবসটি পালন করে।সরকারের প্রণীত ব্যক্তি খাতে হরিণ পালন নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের মতো দেশে পালনের অনুমতি দিলে বনের হরিণ মেরে বাজারে এনে বিক্রি শুরু হবে। এতে খাদ্য-সংকট দেখা দেবে ও বাঘের জীবন বিপন্ন হবে।’বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেসবাহ-উল-আলম বলেন, হরিণ না বাঁচলে বাঘ বাঁচবে না। আর বাঘ না থাকলে সুন্দরবন রক্ষা পাবে না। ফলে আমাদের নিজেদের প্রয়োজনে বাঘ রক্ষা করতে হবে।’ স্বাগত বক্তব্যে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক তপন কুমার দে বলেন, ১৯০০ সালে বিশ্বে বাঘের সংখ্যা এক লাখ ছিল। বর্তমানে তা তিন হাজার ৭০০টিতে নেমে এসেছে।