বাঘ শিকার বন্ধ করতে গোয়েন্দা তথ্য বিনিময় করবে ১৩টি দেশ
চোরা শিকারিদের কবল থেকে বাঘ রক্ষার লক্ষ্যে ১৩টি দেশ গোয়েন্দা তথ্য বিনিময়ের ব্যবস্থা গড়ে তুলতে একটি চুক্তি করেছে গতকাল শুক্রবার। এসব দেশে বাঘের সংখ্যা ক্রমশ কমছে। খবর এএফপির।
চোরা শিকার প্রতিরোধের লক্ষ্যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এক সম্মেলনে ওই চুক্তি হয়। নেপাল সরকার এবং বন্য প্রাণী সংরক্ষণ সংস্থা ডব্লিউডব্লিউএফের যৌথ আয়োজনের ওই সম্মেলনে প্রায় ১০০ জন বিশেষজ্ঞ যোগ দেন। তাঁরা চোরা শিকার বন্ধ করতে এশিয়া মহাদেশে একটি আঞ্চলিক পরিকল্পনা তৈরির জন্য আলোচনা করেন।
নেপালের জাতীয় উদ্যান ও বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের মহাপরিচালক টিকারাম অধিকারী বলেন, তাঁরা বন্য প্রাণীদের বিরুদ্ধে আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়া অপরাধ কার্যক্রম চলতে দিতে পারেন না।
ডব্লিউডব্লিউএফের বাঘ রক্ষা উদ্যোগ কর্মসূচির প্রতিনিধি ডেভিড লসন বলেন, চোরা শিকারের সংকটময় ব্যাপারটি এশীয় দেশগুলোকে বুঝতে হবে। আর প্রাকৃতিক সম্পদ চুরি করে নেওয়ার এই কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে। আইইউসিএন জানায়, এক শতাব্দী আগে বাঘের সংখ্যা ছিল এক লাখ, আর এখন তা প্রায় তিন হাজারে নেমে এসেছে।
চোরা শিকারিরা মূলত বাঘের হাড়, লোমসহ চামড়া সংগ্রহের উদ্দেশ্যে প্রাণীটিকে হত্যা করে। ঐতিহ্যবাহী চীনা ওষুধ তৈরিতে বাঘের হাড় কাজে লাগে। কালোবাজারে প্রাণীটির চামড়ার দাম অনেক।