বাঘ শিকারে ঝুঁকছে বনদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে বাঘের চামড়ার চড়া মূল্যের কারণে সুন্দরবনের বাঘ এখন চোরা শিকারিদের টার্গেটে পরিণত হয়েছে। বনদস্যুরাও পেশা পরিবর্তন করে ঝুঁকছে বাঘ শিকারের দিকে। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান।
মনির-উজ-জামান বলেন, সুন্দরবন রক্ষার্থে পুলিশ, কোস্টগার্ড, বন বিভাগ টাস্কফোর্সের ভিত্তিতে কাজ করছে। বিভিন্ন সময় পরিচালিত অভিযানে কয়েকটি বনদস্যু বাহিনীর প্রধান ও সহযোগী নিহত হলেও অনেক সদস্য এখনো সক্রিয় রয়েছে। তবে এই বিশ্ব ঐতিহ্য রক্ষার দায়বদ্ধতা তাঁদের একার নয়, সবার।
এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনসংলগ্ন জনপদের মানুষের জীবন-জীবিকা এই বনকেন্দ্রিক। এ অঞ্চলের সাধারণ বনজীবীরা বনে মাছ বা মধু আহরণের জন্য গেলে বনদস্যুরা প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে যোগ দিতে বলে। প্রতিনিয়ত এদের সংখ্যা বাড়ছে। কোনো বাহিনীর প্রধান নিহত হলে অন্য কেউ সেই দায়িত্ব নিচ্ছে।
সংবাদ সম্মেলনে খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামাল, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির আহমেদ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন কর্মকর্তা জহির আহমেদ বলেন, সম্প্রতি যে তিনটি বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে, তা দেখে বোঝা যায়, কাছাকাছি সময়ে বাঘ তিনটি শিকার করা হয়েছে। এই চোরা শিকারি চক্রকে সমূলে উৎপাটন করতে হবে। কিন্তু তাদের সঙ্গে লড়াইয়ের সক্ষমতা বনকর্মীদের নেই। তাঁর দাবি, এই চক্রের তৎপরতাতেই বনে বাঘের সংখ্যা কমে ১০৬-এ দাঁড়িয়েছে।
জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, ‘বন রক্ষায় বন আদালত থাকার কথা। কিন্তু তা নেই। অন্য আদালতে বনসংক্রান্ত মামলা পরিচালনায় মামলার গুরুত্ব কমে যায়। বন বিভাগকে বলেছি, আপনারা বনে প্রবেশের অনুমতি দেওয়া বাতিল করেন। দেশে তো এখন প্রচুর মধু উৎপাদিত হয়। তাহলে সুন্দরবনের মতো সংরক্ষিত বনে মধু আহরণ না করলে ক্ষতি কী?’
জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু রাইফেল দিয়ে বন রক্ষা হয় না। বনরক্ষীদের কাছে যে অস্ত্র আছে তা বন রক্ষা তো দূরের কথা, আত্মরক্ষার জন্যও যথেষ্ট নয়।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক অভিযানে উদ্ধার করা তিনটি বাঘের চামড়া ছাড়াও অস্ত্রশস্ত্র, গুলি ও বনদস্যুদের আস্তানা থেকে উদ্ধার করা সরঞ্জাম দেখানো হয়।