বাঘ সংরক্ষণের ওপর প্রশিক্ষণ কর্মশালা
সুন্দরবনে আবাসস্থলের সংকট ও পরিবেশ বিপর্যয়ের কারণে আশপাশের লোকালয়ে প্রায়ই বেরিয়ে আসছে বাঘ। ফলে বাঘ ও মানুষের মধ্যে সংঘাত বেড়েই চলছে। মানুষের নিষ্ঠুরতায় মারা পড়ছে বাঘ। গত এক বছরে সুন্দরবন এলাকায় স্থানীয় লোকজন তিনটি বাঘ পিটিয়ে মেরেছে। এ অবস্থায় হুমকির মুখে পড়েছে বিপন্ন এ প্রাণীটি। এ অবস্থা থেকে উত্তরণের উপায় বের করতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তিন দিনব্যাপী ‘ওয়াইল্ড এনিমেল ক্যাপচার ও ইমোবিলাইজেশন’ শীর্ষক কর্মশালা হয়ে গেছে। বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার কর্মশালাটি শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের প্রধান নির্বাহী মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাঘ সংরক্ষণের ওপর এটিই দেশে প্রথম প্রশিক্ষণ। এতে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়লে করণীয় কী, তা নির্ধারণ করা হয়েছে। বাঘ ধরা ও ছাড়ার কৌশল এবং অন্য কোনো উপায়ে জঙ্গলে ফিরিয়ে দেওয়া যায় কি না, তা শেখানো হয়েছে।