বাঘ সিংহ ভালুক হরিণ দেখে মুগ্ধ পর্যটকেরা
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হিংস্র প্রাণী বাঘ, সিংহ, ভালুকের গর্জন আর হরিণ, বানর, জলহস্তী, কুমির ও ময়ূরের লাফালাফি, দৌড়ঝাঁপ দেখে মুগ্ধ হচ্ছে ভ্রমণে আসা পর্যটকেরা। গতকাল রোববার সকালে পার্কে গিয়ে দেখা গেছে, পর্যটকেরা বাঘ ও সিংহের বেষ্টনীতে গিয়ে বিশাল জঙ্গলে বন্য প্রাণীর দৌড়ঝাঁপ দেখছে। কেউ তুলছে ছবি। অনেকে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে প্রাণীরাজ্য। গহিন বনের ভেতরে হরিণ ও বানরের দৌড়ঝাঁপ দেখে অনেকে হতবাক হচ্ছে। সিলেটের হরিপুর থেকে ভ্রমণে আসা পর্যটক সালাহ উদ্দিন (৪৭) বলেন, ‘ঢাকা চিড়িয়াখানায় খাঁচাবন্দী বাঘ, সিংহ, ভালুকসহ বিভিন্ন প্রাণী দেখা হয়েছে। কিন্তু এখানে ভিন্ন পরিবেশে বন্য প্রাণী দেখার সুযোগ পেলাম। উঁচু টাওয়ারে উঠে অথবা ভবনের ওপরে দর্শনার্থী কেন্দ্রে দাঁড়িয়ে বাঘ, সিংহ, ভালুক, জলহস্তীর গর্জন এবং দৌড়ঝাঁপ দেখে মনটা ভরে গেল। এটিকে পরিপূর্ণ পার্কে রূপান্তর করা গেলে পর্যটকের সমাগম আরও বাড়বে।’ ঢাকার রমনা এলাকার স্কুলছাত্র সাইফুর রহমান (১২), টেকনাফের কলিম উল্লাহ (১৪) ও পটিয়ার মইনুল আলম (১৬) বলে, পার্কের অভ্যন্তরে ঘুরে ঘুরে বেঙ্গল টাইগার, সিংহ, জেব্রা, হরিণ, বিদেশি কুকুর, বানর এবং খাঁচায় বন্দী ঘুঘু, সোনালি ফ্রিজেন্ট, টার্কিশ মুরগি, ময়ূর, ময়না ও দুর্লভ প্রজাতির কবুতর দেখেছি। এখন বিশাল অজগর সাপ দেখার জন্য ওদিকে যাচ্ছি। বিশাল সাপটি নাকি জ্যান্ত মুরগি গিলে খাচ্ছে। ঢাকার ব্যাংক কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন, বন্য প্রাণী দেখে ছেলেমেয়েরা খুশি হলেও কিছু অব্যবস্থাপনায় অনেকে হতাশ হচ্ছে। ৯০০ হেক্টরের বিশাল এই পার্ক হেঁটে হেঁটে পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া হাঁটাহাঁটি করাও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ঝোপ-জঙ্গল থেকে বন্য প্রাণী বেরিয়ে এসে আক্রমণ করতে পারে। এ ক্ষেত্রে পরিবহনের সংখ্যা বাড়ানো দরকার।সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন জাহেদ মোহামঞ্চদ মালেকুর রহমান বলেন, দেশের অন্যান্য পার্ক বা চিড়িয়াখানার চেয়ে এখানে বহু দুর্লভ প্রাণী রয়েছে, যা দেখে পর্যটকেরা মুগ্ধ হচ্ছে। বন্য প্রাণীগুলোকে সুস্থ রাখতে নিবিড় পরিচর্যা করতে হচ্ছে। ভ্রমণে আসা লোকজন যেন প্রাণীদের খাবার ছুড়ে না মারে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। পার্কের ইজারাদার মায়েশা ট্রেডিং কোং লিমিটেডের পরিচালক এ কে এম সামসুউদ্দিন মাহমুদ বলেন, ঈদের পরদিন থেকে প্রচুর পর্যটক এই পার্ক ভ্রমণে আসছে। পার্কের অফিসার ইনচার্জ এ বি এম জসিম উদ্দিন বলেন, দেশ-বিদেশের পর্যটকেরা যাতে নির্বিঘ্নে সাফারি পার্ক ঘুরে দেখতে পারে, সে জন্য পার্কের ভেতরে-বাইরে বাড়তি নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। দর্শনার্থীদের জন্য সরবরাহ করা হয়েছে একাধিক প্রতিরক্ষামূলক বাস। এসব বাসে চড়ে পর্যটকেরা বনের হিংস্র প্রাণিকুলের জীবনাচার দেখছে। সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই পার্ক খোলা রয়েছে।