বাঘ হত্যাকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারপোলের দেওয়া প্রতিবেদন অনুসারে সুন্দরবনের বাঘ হত্যা ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সরকারের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।

প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ১ সেপ্টেম্বরের মধ্যে স্বরাষ্ট্রসচিব, বন ও পরিবেশসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), কোস্টগার্ডের মহাপরিচালক, খুলনার জেলা প্রশাসক, খুলনা বিভাগীয় বন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে প্রতিবেদন দিতে হবে।

গত শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত ‘বাঘ হত্যা ও চোরাচালানে রাজনৈতিক প্রভাবশালীরা’ শীর্ষক প্রতিবেদনটি আজ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী খান। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল ও আদেশ দেন। ওই প্রতিবেদনে বলা হয়, সুন্দরবনের বাঘ হত্যায় একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়। এই চক্র সুন্দরবনে বাঘ হত্যায় অস্ত্র সরবরাহ, হত্যা শেষে বাঘের অঙ্গপ্রত্যঙ্গ ও চামড়া চোরাচালানের কাজ করে। সুন্দরবন–সংলগ্ন এলাকার সরকারদলীয় একজন সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদের তিনজন চেয়ারম্যান এবং প্রধান রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন নেতা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। গত জানুয়ারিতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল বাংলাদেশ সরকারের কাছে সুন্দরবনের বাঘ হত্যা এবং ক্ষুদ্র অস্ত্রের সরবরাহ নিয়ে দুটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবন থেকে বাঘ হত্যা করে এর অঙ্গপ্রত্যঙ্গ ভারতে পাচার করা হয়। এই পাচারের সঙ্গে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও জড়িত।

প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, ইন্টারপোলের প্রতিবেদনে বাঘ হত্যা এবং ডাকাত দলগুলোকে অস্ত্র সরবরাহকারী ৩২ ব্যক্তির নাম এবং বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। ২০০৪ সালের বাঘশুমারি অনুসারে বাংলাদেশে বাঘের সংখ্যা ছিল ৪৪০টি। সর্বশেষ ২০১৫ সালের জরিপে দেখা যায়, বাংলাদেশে বাঘের সংখ্যা কমে ১০৬টিতে দাঁড়িয়েছে।