বাঘ হত্যার ২৪ দিনে মামলা
বাঘ হত্যার ২৪ দিন পর ৬ এপ্রিল পাঁচ গ্রামবাসীর নামে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে নিয়মিত মামলা হয়েছে।গ্রামবাসীদের দাবি, যাঁদের নামে মামলা করা হয়েছে, তাঁরা কেউ বাঘ হত্যার সঙ্গে জড়িত নন। এমনকি দুজন দীর্ঘদিন ধরে বসবাস করেন ভারতে। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দায়ভার এড়াতে নিরীহ গ্রামবাসীর নামে এ মামলা করেছেন। গত ১২ মার্চ রাতে একটি বাঘিনী গোলাখালী গ্রামে নয়টি ছাগল ও দুজন গ্রামবাসীর ওপর হামলা চালানোর পর আতঙ্কিত গ্রামবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করে।আসামি করা হয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নিরাপদ মণ্ডলের ছেলে কার্তিক মণ্ডল (৩২), একই গ্রামের মৃত সুধীর মণ্ডলের ছেলে নিমাই মণ্ডল (৪২), মৃত নরেন চন্দ্র মণ্ডলের ছেলে পঞ্চানন মণ্ডল (৩১), সুরত কারিগরের ছেলে ছাত্তার কারিগর (৪২) ও কালিঞ্চি গ্রামের মৃত আলী গাজীর ছেলে কাওছার গাজী (৩৫)।মামলার বাদী সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা আবুল হোসেন জানান, এ ব্যাপারে গত ১৩ মার্চ শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ১৬ মার্চ সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতকে বিষয়টি অবহিত করা হয়। স্থানীয় মানুষের কাছ থেকে প্রাথমিকভাবে জেনে মামলাটি করা হয়েছে। ভারতের নাগরিকদের কেন আসামি করেছেন, এমন প্রশ্নে বলেন, ভুল হতে পারে।