বাঘ হত্যায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারপোলের দেওয়া প্রতিবেদন অনুসারে সুন্দরবনের বাঘ হত্যা ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সরকারের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।
প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে স্বরাষ্ট্রসচিব, বন ও পরিবেশসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও খুলনা রেঞ্জের ডিআইজি, কোস্টগার্ডের মহাপরিচালক, খুলনার জেলা প্রশাসক, খুলনা বিভাগীয় বন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিবেদন দিতে হবে।
গত শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত ‘বাঘ হত্যা ও চোরাচালানে রাজনৈতিক প্রভাবশালীরা’ শিরোনামের প্রতিবেদনটি গতকাল আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী খান। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল ও আদেশ দেন। ওই প্রতিবেদনে বলা হয়, সুন্দরবনের বাঘ হত্যায় একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়। এই চক্র সুন্দরবনে বাঘ হত্যায় অস্ত্র সরবরাহ, হত্যা শেষে বাঘের অঙ্গপ্রত্যঙ্গ ও চামড়া চোরাচালানের কাজ করে। সুন্দরবন-সংলগ্ন এলাকার সরকারদলীয় একজন সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদের তিনজন চেয়ারম্যান এবং প্রধান রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন নেতা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।