সুন্দরবনে গত ১০ বছরে বাঘের (রয়েল বেঙ্গল টাইগার) আক্রমণে ১৯৩ জন মানুষ ও মানুষের হাতে ২৩টি বাঘ মারা গেছে। গত বছর একইভাবে ৩০ জন মানুষ ও তিনটি বাঘ মারা গেছে। পরিবেশ বিপর্যয়, লবণাক্ততা বৃদ্ধি, শিকারের অভাব ও সুন্দরবনসংলগ্ন লোকালয়ের খাল-নদী ভরাট হয়ে যাওয়ায় বাঘে-মানুষে সংঘাত বেড়েছে। লোকালয়ে চলে আসা বাঘকে নিরাপদে বনে ফিরিয়ে দিতে সরকার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সুন্দরবনের বনকর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও চেতনানাশক উপাদান সরবরাহ করা হবে।গতকাল সোমবার রাজধানীর বন ভবনে বাংলাদেশে বাঘ সংরক্ষণ কর্মপরিকল্পনার অগ্রগতি ও বাঘ নিশ্চলীকরণ (ইমমুভিলাইজেশন) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান ২০০৯-২০১৭ এর মোড়ক উন্মোচন করা হয়।বিদেশি বিশেষজ্ঞ ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে সুন্দরবনের বাছাই করা ৩০ জন বনকর্মী কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আয়োজিত প্রশিক্ষণে অংশ নেবেন। আজ মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ শুরু হচ্ছে। প্রশিক্ষণে আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হবে এবং বনকর্মীদের এগুলোর ব্যবহার শেখানো হবে। লোকালয়ে চলে আসা বাঘকে কোনোরকম আঘাত ছাড়া চেতনানাশক উপাদান ব্যবহার করে অচেতন করার পর আবার বনে ফিরিয়ে দেওয়াই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। একই সঙ্গে বাঘ সংরক্ষণে স্থানীয় অধিবাসীদেরও সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।আয়োজকেরা জানান, বিদেশি বিশেষজ্ঞ ও আধুনিক সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত এ প্রশিক্ষণ দেশে এটিই প্রথম।অনুষ্ঠানে মূল বক্তব্যে বন সংরক্ষক (বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) তপন কুমার দে এবং বাঘ বিশেষজ্ঞ এডাম বার্লো বলেন, সারা বিশ্বেই বাঘের অস্তিত্ব সংকটাপন্ন। বর্তমানে সারা বিশ্বে বাঘের সংখ্যা তিন হাজার ২০০টি। এর মধ্যে সবচেয়ে বেশি বাঘ আছে এশিয়া মহাদেশে। বাংলাদেশের সুন্দরবনে এখন বাঘের (রয়েল বেঙ্গল টাইগার) সংখ্যা ৪০০ থেকে ৪৫০টি। বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনের কারণে বাঘ সংরক্ষণ এখন এ অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁরা বলেন, বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান ২০০৯-২০১৭ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে বাঘ সংরক্ষণে দীর্ঘমেয়াদি কর্মসূচি নেওয়া যাবে।অনুষ্ঠানে প্রধান অতিথি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, শত প্রতিকূলতা সত্ত্বেও সুন্দরবনে এখনো প্রায় ৪০০-৪৫০টি বাঘ আছে। এ বাঘ সংরক্ষণের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় সর্বাধিক গুরুত্ব দিয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার, প্রধান বন সংরক্ষক আবদুল মোতালেব প্রমুখ।