বাঘগুজারা রাবার ড্যাম আবারও ছিঁড়ে গেল
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বাঘগুজারা রাবার ড্যাম গতকাল সোমবার আবারও ছিঁড়ে গেছে। এতে ড্যামে আটকে রাখা মিঠা পানি সরে গিয়ে নদীর দুই তীরের ১৫ হাজার একর ফসলি জমিতে লোনা পানি ঢুকে পড়ছে।
এর আগে গত ২১ মার্চ রাবার ড্যামটি ছিঁড়ে যায়। গত বছরের ১১ নভেম্বর প্রথম দফায় ড্যামের রাবার ছিঁড়ে গিয়েছিল।
গতকাল সরেজমিনে দেখা যায়, রাবার ড্যামের দক্ষিণ অংশের ৩ নম্বর ব্লকে (পুরুইত্যাখালী) রাবারের জোড়া (জয়েন্ট) খুলে গেছে। ড্যামের ওপর দিয়ে সাগরের লোনা পানি ঢুকে নদীর দুই পাশের ফসলি জমি প্লাবিত হয়েছে।
রাবার ড্যামের পাশের একটি চিংড়িঘেরের মালিক ফয়জুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে জোয়ারের ধাক্কায় রাবার ড্যামের একটি অংশ ছিঁড়ে যায়। এতে সমুদ্রের লোনা পানির সঙ্গে আটকে রাখা মিষ্টি পানি একাকার হয়ে গেছে।
বাঘগুজারা গ্রামের কৃষক নুরুল আমিন জানান, মিঠা পানির সেচসুবিধা নিয়ে তিনি পাঁচ একর জমিতে ধানের চারা রোপণ করেছেন। রাবার ছিঁড়ে যাওয়ায় লবণ পানিতে চারা ডুবে গেছে। দুই দিনের মধ্যে লবণ পানি সরানো না গেলে সব চারা মরে যাবে।
চকরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল মান্নান জানান, গত মৌসুমে এই উপজেলায় ৪৬ হাজার ২৫০ একর জমিতে বোরো আবাদ হয়। চলতি মৌসুমে ৪৬ হাজার ৯৭৫ একর জমিতে চাষ চলছে। এর মধ্যে ৮০ শতাংশ জমির চাষ রাবার ড্যামের ওপর নির্ভরশীল। তিনি বলেন, বারবার ড্যাম ছিঁড়ে যাওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানান, রাবার ড্যামটি দ্রুত জোড়া লাগানোর প্রস্তুতি চলছে।