বাঘটি অবশেষে মারা গেল
সুন্দরবন থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া বেঙ্গল টাইগারটি অবশেষে মারা গেছে। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘটি মারা যায়। তবে এই মৃত্যুর খবর গত দুই দিনেও বন বিভাগের পক্ষ থেকে কাউকে জানানো হয়নি।
প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি গতকাল শুক্রবার বাঘটির মৃতদেহ দেখতে বঙ্গবন্ধু সাফারি পার্কে গেলে সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বাঘটি মারা গেছে কি না, তা তাঁরা জানেন না।
অবশ্য বন বিভাগের সূত্র জানায়, সামনের বাঁ পায়ে জখম অবস্থায় বাঘটিকে ৭ ফেব্রুয়ারি সুন্দরবন থেকে উদ্ধার করে পরদিন বঙ্গবন্ধু সাফারি পার্কে আনা হয়। ওই দিনই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগ ও বন বিভাগের বন্য প্রাণী চিকিৎসকদের একটি দল বাঘটির জখম হওয়া পায়ে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পরদিন বাঘটির জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরই বাঘটি কামড়ে পায়ের অস্ত্রোপচারের স্থানটি ছিঁড়ে ফেলে। এতে এটি আবারও অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। ১৬ ফেব্রুয়ারি থেকে বাঘটি পানি ও দুধ ছাড়া আর কিছু খাচ্ছিল না। চিকিৎসকেরা কয়েক দফা এটিকে শুশ্রূষার চেষ্টা করলেও লাভ হয়নি। বুধবার রাতে বাঘটি মারা যায়।
বাঘটির মৃত্যুর খবর গোপন রাখার কারণ জানতে চাইলে বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বনরক্ষক তপন কুমার দে গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বাঘটিকে বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চেষ্টা করেও তা সম্ভব হয়নি। বাঘটি মারা যাওয়ার পর আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এটি নিয়ে আর বাইরে আলোচনা হয়নি।’ চিকিৎসায় ত্রুটির কারণে বাঘটির মৃত্যু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বন বিভাগের যে দুজন চিকিৎসক বাঘটির অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের ভারতের দেরাদুন থেকে বন্য প্রাণীর ওপর উচ্চতর প্রশিক্ষণ রয়েছে। অস্ত্রোপচারের সময় তাঁদের সহায়তা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের বন্য প্রাণী বিশেষজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসায় কোনো অবহেলা হয়নি।’