বাঘটিকে চিকিৎসা করানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন ছেড়ে লোকালয়ে আশ্রয় নেওয়া বাঘটি (রয়েল বেঙ্গল টাইগার) গতকাল রোববার চতুর্থ দিনেও বনে ফিরে যায়নি। মাঝেমধ্যে আপন খেয়ালে ঘন গাছের আড়ালে গেলেও কিছুক্ষণ পরেই এসে চিংড়িঘেরের বাঁধের ওপর শুয়ে-বসে সময় কাটাচ্ছে বনের রাজা। এদিকে বাঘটিকে ট্রাঙ্কুলাইজ (অচেতন) করে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়ে বন বিভাগের সদস্যরা গোলাখালীতে অবস্থান করছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, টানা কয়েক দিন অভুক্ত থাকা বাঘটি ক্রমে অসুস্থ হয়ে পড়ছে। এমনকি কুকুর ও ছাগল পাশ দিয়ে গেলেও বাঘটি শিকার ধরার আগ্রহ দেখাচ্ছে না। পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, আগের তিন দিনের মতো গতকালও (রোববার) বাঘটি গোলাখালী এলাকায় ছিল। সকাল থেকে এটি গোলাখালী গ্রামের উপেন গাইন ও মন্টু মিয়ার চিংড়িঘেরের বাঁধের ওপর শুয়ে থাকার পর দুপুরের দিকে গাছগাছালির আড়ালে চলে যায়। পরে আবার বাঁধের ওপর আসে। বাঘটি গত বৃহস্পতিবার থেকে টানা চার দিন ওই এলাকায় অবস্থান করায় স্থানীয়দের পাশাপাশি বন বিভাগের কয়েকজন সদস্য নির্ঘুম রাত কাটাচ্ছেন। এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. তৌফিকুল ইসলাম জানান, বাঘটিকে সুবিধাজনক স্থানে পাওয়া গেলে ট্রাঙ্কুলাইজ করে চিকিৎসা দেওয়া হবে।