বাঘটিকে দুই দিনেও বনে পাঠানো যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনসংলগ্ন গোলাখালী গ্রামে চলে আসা বাঘটিকে গত দুই দিনেও বনের ভেতরে ফেরত পাঠানো যায়নি। ক্ষুধার্ত বাঘটি যেকোনো সময় হামলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছে গ্রামবাসী।বাঘটি গত রোববার রাত থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গোলাখালী গ্রামের একটি চিংড়িঘেরের বেড়িবাঁধের ওপর অবস্থান নেয়। বন বিভাগ সূত্রের দাবি, এটি একটি পুরুষ বাঘ। লম্বায় প্রায় ১০-১১ ফুট। বয়স ১০ বছরের বেশি। রোববার রাত থেকেই বাঘটির অবস্থানের দুই পাশে লম্বা জাল ফেলে প্রবেশপথ আটকে দেওয়া হয়েছে। বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। কিন্তু এ সময়ের মধ্যে বাঘটিকে বনে ফেরত পাঠানোর কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।গোলাখালী গ্রামের কার্তিক গাইন গতকাল সোমবার প্রথম আলোকে জানান, বাঘটি দেখে বেশ অসুস্থ মনে হয়েছে। চিংড়িঘের এলাকায় অবস্থান করলেও বাঘটি এ সময়ের মধ্যে শিকার ধরার চেষ্টা করেনি। তিনি আরও বলেন, সম্ভবত শিকার করার শক্তি হারিয়ে ফেলেছে। সোরা গ্রামের চিংড়িঘের মালিক সিরাজুল ইসলাম জানান, গতকাল দুপুর পর্যন্ত বাঘটি একই স্থানে অবস্থান করছে। মাঝেমধ্যে ফাঁকা গুলির শব্দে এবং বন বিভাগসহ এলাকাবাসীর প্রচেষ্টায় ১০-২০ গজ ভেতরে যায়। আবার একই স্থানে ফিরে আসে। বাঘটি আটক করে চিকিৎসা দেওয়া না হলে, অল্প দিনের মধ্যেই এর মৃত্যু হতে পারে।কদমতলা গ্রামের ফজলুল হকসহ কয়েকজন গ্রামবাসী জানান, বাঘটি যেকোনো সময় লোকালয়ে ঢুকে প্রাণহানি ঘটাতে পারে। গোলাখালী, কালিঞ্চি ও টেংরাখালী এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেকে ঘর থেকে বেরোচ্ছে না।পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলগাছিয়া স্টেশন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, বাঘটিকে বন্দুকের মাধ্যমে চেতনানাশক ইনজেকশন পুশ করার মতো উপযুক্ত জায়গা পাওয়া যায়নি। এ ছাড়া আশপাশে পানি রয়েছে। তাই চেতনা নাশের চেষ্টা করা হলে, দুর্ঘটনাক্রমে বাঘটির মৃত্যু হতে পারে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. তৌফিকুল ইসলাম জানান, রোববার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত তিন দফায় প্রায় ৬৫টি ফাঁকা গুলি ও দুই শতাধিক পটকা ফোটানোর পরও বাঘটিকে সুন্দরবনের ভেতরে পাঠানো সম্ভব হয়নি। মাঝেমধ্যে গিয়ে আবার ফিরে এসেছে। কিন্তু গতকাল বিকেল তিনটা থেকে বাঘটিকে ওই এলাকায় আর দেখা যাচ্ছে না। হয়তো নিজের খেয়ালে আবার বনের গভীরে চলে গেছে। খাবার না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, একবার খাবার দেওয়া হলে, বাঘটি খাবারের লোভে বারবার লোকালয়ে চলে আসতে পারে।