বাঘডাশের ছানাগুলো বাঁচানো গেল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃ-মমতা দিয়েও বাঁচানো যায়নি বাঘডাশের চারটি ছানাকে। প্রায় এক মাস ধরে সযত্নেœলালন-পালনের মধ্যেই পরপর তিন দিনে চারটি ছানাই মারা গেছে। প্রাণী চিকৎসকের ধারণা, ছানাগুলো মাতৃদুগ্ধ পান না করায় দুর্বলতার কারণে মারা যেতে পারে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে বন্য প্রাণী গবেষক তানিয়া খান বাঘডাশের এই ছানাগুলোকে তাঁর ঘরে লালন-পালন করেছেন। কিন্তু গত ২৬ এপ্রিল প্রথমে একটি ছানা মারা যায়। ২৮ এপ্রিল মারা যায় আরও দুটি। চতুর্থটিও মারা গেছে গত শনিবার।
বন্য প্রাণী গবেষক তানিয়া খান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বাচ্চাগুলো খুব ছোট অবস্থায় ধরা পড়েছে। তারা মায়ের দুধ খাওয়ার সুযোগই পায়নি। ওদের রোগ প্রতিরোধের ক্ষমতা নাই। এ ছাড়া ধরার সময় গলায় দড়ি দিয়ে টানা হয়েছে। তাতেও ওরা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। প্রথম দিন থেকেই ছানাদের লেকটোজেন ও ওরসেলাইন খাওয়ানো হয়েছে। মাংস খাওয়ানোরও চেষ্টা হয়েছে। মাংস খায়নি। কোয়েলের মাংস নিয়ে খেলা করেছে। ডিএফও স্যার (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো) তাঁর সন্তানের জন্য রাখা গরুর দুধ থেকে এগুলোকে খেতে দিয়েছেন। নিয়মিত প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। হাসপাতলেও নিয়ে গেছি, কিন্তু বাঁচানো গেল না।’
তানিয়া খান বলেন, বাচ্চাগুলো বাঁচানোর জন্য আর্থিক সহায়তাও দিয়েছিলেন পাখি বিশেষজ্ঞ সায়েম ইউ চৌধুরী। বাঘডাশ মূলত মাংসাশী, তবে ফলমূলও খেয়ে থাকে। বাঘডাশের গায়ের রং হালকা বাদামি। গলা ও লেজে সাদা ডোরাকাটা দাগ আছে। লেজ তুলনামূলক ছোট। এরা লম্বায় সাধারণত ৩ থেকে সাড়ে ৩ ফুট, লেজ প্রায় ১৩ ইঞ্চি এবং ওজন ৫ থেকে ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা মাটিতে গর্ত করে বাসা বানিয়ে থাকে।
এটিকে ইংরেজিতে ‘লার্জ ইন্ডিয়ান সিভেট’ এবং বাংলায় বাঘডাশ, ভাম অথবা ভাম বিড়াল, গন্ধগকুল অথবা খাটাশ বলা হয়ে থাকে। আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) প্রকাশিত রেড লিস্ট গ্রন্থে এটিকে প্রায় বিপন্ন তালিকার পর্যায়ে রাখা হয়েছে। বাংলাদেশেও এটি বিপন্ন প্রাণী। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামে এদের বসবাস।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সিলেটের নাজিরবাজার এলাকার সাধুগ্রাম থেকে বাঘডাশের এই চারটি ছানা উদ্ধার করে নিয়ে আসে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সাধুগ্রামের একটি কবরস্থান পরিষ্কার করার সময় ছানাগুলো স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে।
ছানাগুলোকে নিয়মিত পর্যবেক্ষণকারী মৌলভীবাজার জেলা প্রাণী হাসপাতালের ভেটেরিনারি সার্জন নিরোদ চন্দ্র সরকার গতকাল প্রথম আলোকে বলেন, ছানাগুলো বেশ দুর্বল। মায়ের যে সাপোর্ট, সেটা পায়নি। মা-হারা ছোট অবস্থাতেই এরা ধরা পড়েছে। নার্সিং সব ঠিক ছিল। অন্য কোনো সমস্যা ধরা পড়েনি।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো গতকাল প্রথম আলোকে বলেন, ‘আসলে বন্য প্রাণীর মায়ের দুধ ও কেয়ার (যত্ন) ছাড়া কিছু হয় না। কত রকমের বন্য প্রাণীর বাচ্চা আনলাম। কোনোটাই টেকানো যায় না। তবু চেষ্টা করা আর কি! সবচেয়ে ভালো হয়, বাচ্চাগুলো যেখানে ধরা পড়ে, সেখানে রেখে দিলে মা এসে নিয়ে যায়। কিন্তু তাদের বাসস্থান নষ্ট করে ফেলা হয়।’
এদের নিয়ে ‘কাঁথার ওমে বাঘডাশের চারটি ছানা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল।