বাঘসহ বন্যপ্রাণী রক্ষায় বাংলাদেশ ও ভারত প্রটোকল অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণী রক্ষায় বাংলাদেশ-ভারত প্রস্তাবিত প্রটোকল গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদিত হয়েছে। প্রতিবেশী দুই দেশ এ প্রটোকল সই করতে যাচ্ছে।প্রটোকলের মূল প্রতিপাদ্য হচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রতিবেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ বাংলাদেশ ও ভারত নেবে না। এতে বলা হয়েছে, দুই দেশের সীমানা-সংক্রান্ত সবগুলো আলোচনায় রয়েল বেঙ্গল টাইগারের নিরাপত্তা-সংক্রান্ত বিষয় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। এ লক্ষ্যে একটি ‘বাঘ রক্ষার দল’ গঠন করা হবে। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে দুই দেশই সুন্দরবন এলাকায় এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে এর জীববৈচিত্র্য ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি হয়। ভারতের পক্ষ থেকে এই প্রস্তাবের ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে সুন্দরবনের ওপর দুই দেশ যৌথ গবেষণা ও সমীক্ষা চালাবে, তথ্য ব্যবস্থা গড়ে তুলবে এবং গবেষণার ফল আদান-প্রদান করবে। সুন্দরবনের সম্পদ ও বন্যপ্রাণী রক্ষা, পাচার রোধে দুই দেশের বনরক্ষীরা পরস্পরকে সহায়তা করবে। এক দেশের সীমানায় যদি অন্য দেশের বন্যপ্রাণী পাচার হওয়ার সময় ধরা পড়ে, তাহলে তা ফিরিয়ে দেওয়া হবে। সুন্দরবনের ৬২ শতাংশ এলাকা বাংলাদেশ সীমানায় এবং বাকি অংশ ভারতীয় সীমার মধ্যে। বন বিভাগের হিসাব অনুযায়ী সুন্দরবনে ৪২৫ প্রজাতির বণ্যপ্রাণী রয়েছে। যার মধ্যে ৩০০ প্রজাতির পাখি ও রয়েল বেঙ্গল টাইগারসহ ৪২ প্রজাতির মাংসাশী প্রাণী রয়েছে। ১২ লাখ মানুষের জীবিকা সুন্দরবনের সম্পদের ওপর নির্ভরশীল।