বাঘা-ঈশ্বরদীতে পদ্মার ভাঙন, আতঙ্কে মানুষ
রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে এক মাস ধরে পদ্মার ভাঙন তীব্র হয়েছে। ভাঙন-আতঙ্কে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া গ্রামের মানুষের নির্ঘুম রাত কাটছে। স্থানীয় লোকজন জানান, গত পাঁচ বছরে পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর, আলাইপুর ও গোকুলপুর গ্রামের মানুষের কয়েক হাজার বিঘা ফসলি জমি পদ্মার গর্ভে বিলীন হয়েছে। ভাঙনের আশঙ্কায় অর্ধশতাধিক বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। হুমকির মুখে পড়েছে আলাইপুর বিডিআর ক্যাম্পও।গত শুক্রবার গোকুলপুর গ্রামের ভেতর দিয়ে পদ্মা নদীর ধারে যেতেই ভাঙনের শব্দে বুক কেঁপে ওঠে। নদী বাঁধের একেবারে কাছে চলে এসেছে। গ্রামের কৃষক আবদুল মতিন পাটখেতে কাজ করছিলেন। জানালেন, দুই দিন আগে তাঁর এক বিঘা পাটখেত এক দিনে নদীতে বিলীন হয়েছে। তিনি বলেন, এখন গোকুলপুর গ্রামের পূর্ব প্রান্তে ভয়াবহ ভাঙন চলছে। তার কথামতো পূর্ব দিকে কিছু দূর যেতেই চোখের সামনেই একটি ফসলি জমির বিরাট অংশ নদীতে বিলীন হয়ে গেল। মাঠে খাবার নিয়ে এসেছিলেন আবদুল কুদ্দুসের স্ত্রী রওশন আরা। তিনি বলেন, ‘তার শ্বশুরের প্রায় ২০ বিঘা জমি ছিল। সব নদীতে ভেঙে গেছে। সেখানেই বসেছিলেন আইয়ুব আলী (৪৫)। ‘কী করেন?’ জানতে চাইলে বলেন, ‘কী আর কইরব। আড়াই বিঘা জমি ছিল। সব পদ্মাত খাইচে। একুন দিনমজুরি করি।’এলাকাবাসী জানান, কিশোরপুর গ্রামের পশ্চিম পাশে ২০০৪ সালে পানি উন্নয়ন বোর্ড ২২০ মিটার নদীর পাড় ব্লক দিয়ে বেঁধে দিয়েছে। এবার তার উজানে মাত্র ৭০ মিটার ব্লক বসানোর কাজ চলছে। একই সঙ্গে যদি এই তিনটি গ্রামের পুরো এলাকায় নদীর পাড়ে ব্লক বসানো হতো, তাহলে গ্রামের মানুষের এই সর্বনাশ হতো না। এখন ভাঙন এক গ্রাম থেকে তিন গ্রামে ছড়িয়ে পড়েছে।কিশোরপুর গ্রামের মালপাড়ায় গিয়ে দেখা যায়, শাফি মোল্লা, আজাহার উদ্দিন, হামিদুল ইসলাম, কেরু, ইয়াজুল, আলাউদ্দিন, দেছার ও জয়েন উদ্দিনের বাড়ি ভাঙনের মুখে রয়েছে। গ্রামের শেখপাড়ার লুৎফর শেখ, মালু শেখ, মোহন শেখ, রবিউল শেখ, জিল্লু শেখ, খুদন শেখ ও কালু শেখের বাড়ি যেকোনো সময় ভেঙে যেতে পারে। তাঁদের যাওয়ার কোনো জায়গা নেই। এ কারণে এসব বাড়িতেই ঝুঁকি নিয়ে বসবাস করছেন। পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী সুধাংশ কুমার সরকার বলেন, ‘সীমান্ত নদী সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প-দ্বিতীয় পর্যায়’ নামে ১১৪ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব তাঁরা ২০০৮ সালে মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। কিন্তু সেটি পাস হয়নি। পরে আবার সংশোধন করে ২০৫ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখনো প্রকল্পটি পাস হয়নি। পাস হলে এই সমস্যা থাকবে না।অন্যদিকে, পদ্মার পানি বাড়ায় ভাঙন-আতঙ্কে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের নদীতীরের গ্রাম আড়ামবাড়িয়ার মানুষের এখন নির্ঘুম রাত কাটছে। এলাকাবাসী জানান, ইউনিয়নের কোমরপুর থেকে সাঁড়া ঝাঁউদিয়া গ্রাম পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় পদ্মার বাম তীরে এবারের বন্যায় তারা ভয়াবহ ভাঙনের আশঙ্কা করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে আড়ামবাড়িয়া।ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেন জানান, সাঁড়া, কোমরপুর, আড়ামবাড়িয়া, শেখেরচক, গোপালপুর, মাঝদিয়া, ঝাউদিয়াসহ নদীর বাম তীরের ১০টি গ্রাম বর্তমানে হুমকির মধ্যে পড়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পদ্মা নদী ভাঙতে ভাঙতে বর্তমানে আড়ামবাড়িয়া বাজারের কাছাকাছি চলে এসেছে। নদীর মাত্র ২০ গজ দূরে রয়েছে আড়ামবাড়িয়া বিদ্যালয়। গ্রামবাসীর চোখেমুখে ভাঙনের আতঙ্ক।