বাঘা উপজেলা সদরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলা সদরে আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়ার কথা বলছে প্রশাসন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, সমিতির একটি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে অপর পক্ষ ভুয়া ভোটার তৈরি করে একতরফা নির্বাচন করতে যাচ্ছে। এ নিয়ে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছেন।
শ্রমিক সমিতির অভিযোগ, সরকারদলীয় লোকজনকে চাঁদা না দেওয়ায় তাঁরা নির্বাচন ঠেকাতে প্রশাসনকে ব্যবহার করেছেন।
প্রশাসনের এই পদক্ষেপের প্রতিবাদে আজ থেকে বাঘা উপজেলা এলাকায় অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করেছে সমিতি।
সমিতির সভাপতি মিলন আলীর অভিযোগ, তাঁদের কার্যালয়ে এসে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তছিকুল ইসলাম ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মিথ্যা অভিযোগ তুলে ১৪৪ ধারা জারির ব্যবস্থা করা হয়েছে।
মিলন আলীর দাবি, তাঁদের সমিতিতে একটিও ভুয়া ভোটার নেই। কেউ তা প্রমাণ করতে পারবে না।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তছিকুল দাবি করেন, তিনি এখন আর দলের কোনো পদে নেই। চাঁদা চাওয়ার প্রশ্নই ওঠে না। সমিতির নির্বাচন নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। মধ্যস্থতা করতে সমিতির কার্যালয়ে গিয়েছিলেন তিনি।