বাঘা ও পবায় দুই বিদ্যালয় বিলীন, ১০টি পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পানিতে তলিয়ে গেছে রাজশাহীর বাঘা ও পবা উপজেলার চরাঞ্চলের অনেক স্থান। পদ্মা নদীতে বিলীন হয়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক মাস ধরে পানিবন্দী এ দুই উপজেলার আরও ১০টি বিদ্যালয়। এর ফলে এসব বিদ্যালয়ের ২ হাজার ৭৪২ জন শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে।

শিক্ষকেরা বলছেন, অনেক বিদ্যালয়ের মাঠ পানিতে ডুবে রয়েছে। একটি-দুটি বিদ্যালয়ের মাঠ থেকে পানি সরে গেছে, কিন্তু রাস্তাঘাট তলিয়ে আছে। এ কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। বিদ্যালয় খোলা থাকলেও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাঘার পানিবন্দী বিদ্যালয়গুলো হচ্ছে চরকালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীনগর, পশ্চিম চরকালিদাসখালী, ফতেপুর পলাশী, পলাশী ফতেপুর, চৌমাদিয়া ও আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর পদ্মায় বিলীন হয়েছে চকরাজাপুর ও পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া পবার পানিবন্দী বিদ্যালয়গুলো হচ্ছে চরনবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরখিদিরপুর ও তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাঘার চরকালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ৩০২ জন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক কে এম বাহাদুর বলেন, বিদ্যালয়ের মাঠ এখনো পানির নিচে। রাস্তায় কোমরপানি। পঞ্চম শ্রেণির মাত্র দুজন শিক্ষার্থী ভেজা কাপড়ে বিদ্যালয়ে এসেছিল। তাদের নিয়ে ক্লাস করা সম্ভব হয়নি।

ফতেপুর পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী ১৬১ জন। দু-চারজন ভেজা কাপড়ে আসা শুরু করেছে। নিচের ক্লাসের বেশির ভাগ শিক্ষার্থী আসছে না। এ জন্য বিদ্যালয়ে ক্লাস হচ্ছে না।

লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭২ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের মাঠ এখনো দুই হাত পানির নিচে। রাস্তাঘাটও ডুবে রয়েছে। এ জন্য বাচ্চারা বিদ্যালয়ে আসতে পারছে না।

বাঘার চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পদ্মায় বিলীন হয়েছে। বিদ্যালয়টির পাকা ভবন ছিল। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির ভবন তৈরি করার জন্য একটি স্থান মনোনীত করা হয়েছে। কিন্তু সে জায়গা এখনো পানির নিচে থাকায় ঘর তোলা সম্ভব হয়নি। তবে চকরাজাপুর ইউপি চেয়ারম্যানের বাড়িতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তাঘাট থেকে পানি নেমে গেলে সেখানেই পাঠদান শুরু করা হবে। আর আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র করার কারণে বিদ্যালয়টি বন্ধ রয়েছে।

পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩৬ জন শিক্ষার্থী রয়েছে। ভাঙনের আগেই বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখন পানি সরে গেলেই সেখানে শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, বিদ্যালয়গুলো খোলা রয়েছে। তবে পানি সরে না যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি খুব কম। পানি দ্রুত কমছে। কয়েক দিনের মধ্যে পাঠদান শুরু করা সম্ভব হবে।

এদিকে, পবা উপজেলার তিনটি বিদ্যালয়েই বন্যাদুর্গত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র করা হয়েছে। এলাকা থেকে বন্যার পানি সরে না যাওয়ায় দুর্গত লোকজন আশ্রয়শিবির ছেড়ে যায়নি।

উপজেলার শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আশ্রয়কেন্দ্র ছেড়ে দুর্গত লোকজন চলে না যাওয়া পর্যন্ত বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু করা সম্ভব হচ্ছে না।