বাঘা থানার দুই এসআইয়ের বিরুদ্ধে হত্যা মামলা
রাজশাহীর বাঘা থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে গত বুধবার আদালতে একটি হত্যা মামলা হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হয়ে কারাগারে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার নয় দিন পরে এ মামলা করা হয়েছে।
মৃত কয়েদির নাম হাসমত আলী (৪৫)। বাড়ি বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার পিয়াদাপাড়া মহল্লায়। বাঘা থানার দুই এসআই সেলিম ও আসাদকে আসামি করে নিহতের বাবা মোসলেম উদ্দিন গতকাল বিকেলে রাজশাহী বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, ২৭ জুন রাত আটটার দিকে তাঁর ছেলে হাসমত আলী ওরফে ভুট্টুকে বাঘা থানার এসআই সেলিম আটক করে থানায় নিয়ে যান। এরপর থানায় সেলিম ও আরেক এসআই আসাদ ছেড়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই টাকা না দিলে তাঁকে হাজতে অমানুষিক নির্যাতন করা হয়।
পরের দিনে ২৮ জুন মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে হাসমতকে হাজির করা হয়। আদালতে তাঁর এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সোবহান। রায়ের পর তাঁকে থানায় নিয়ে আবারও পাঁচ হাজার টাকা ঘুষের দাবিতে নির্যাতন চালানো হয়। তার পরের দিন তাঁকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।