আদালতের আদেশ নিয়ে জমি দখলমুক্ত করতে আসা চার কর্মচারীকে মারধর করেছেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী। এ ঘটনায় রাজশাহী আদালতের নায়েব নাজির রুহুল আমিন বাদী হয়ে মেয়রের বিরুদ্ধে মামলা করেন। গতকাল মঙ্গলবার বাঘা থানায় মামলাটি করা হয়। নায়েব নাজির রুহুল আমিন জানান, রাজশাহী সদরের সিনিয়র সহকারী জজ এমদাদুল হকের একটি আদেশ নিয়ে গত সোমবার বাঘা পৌর এলাকায় মেহেবুব সুলতানের একটি জমি দখলমুক্ত করতে যান। জমির ওপরে কোনো স্থাপনা থাকলে তা অপসারণ করারও আদালতের আদেশ ছিল। ওই জমির ওপর দুটি বাড়ি ছিল। সকাল থেকে তাঁরা বাড়ি দুটি অপসারণ করছিলেন। দুপুরের দিকে বাঘা পৌর মেয়র আক্কাস আলী তাঁকে ফোন করে বলেন, এক সপ্তাহ সময় দিলে তিনি নিজ দায়িত্বে সব ব্যবস্থা করে দেবেন। মেয়র বাড়ি অপসারণ বন্ধ রাখতে বলেন। কিন্তু নাজির রুহুল আমিন আদালতের আদেশ অমান্য করতে অপারগতা প্রকাশ করেন। রুহুল আমিন বলেন, এর প্রায় আড়াই ঘণ্টা পরে বিকেল সোয়া চারটার দিকে মেয়র আক্কাস আলী কিছু লোকজন নিয়ে এসে জানতে চান, তাঁকে কে পাঠিয়েছে। জজের নাম বললে তিনি তাঁকে এবং জজকে গালিগালাজ করেন। একপর্যায়ে মেয়র তাঁকে কিলঘুষি মারতে থাকেন। তিনি ছাতা দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করেন। নাজির বলেন, তিনি ছাতা কেড়ে নিয়ে মারতে শুরু করেন। মেয়রের সঙ্গের একজন লোক তাঁকে কোদাল দিয়ে মারতে গেলে পুলিশ তাঁকে রক্ষা করে। এ হামলায় তাঁর সঙ্গী অপর তিনজন কর্মচারীও আহত হন। তাঁরা পুলিশের সহায়তায় পরে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে গতকাল সকালে নায়েব নাজির রুহুল আমিন বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা করেন। এতে মেয়র আক্কাস আলীকে প্রধান আসামি করা হয়েছে। এতে মোট ছয়জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, আদালতের কাজ প্রায় শেষের দিকে, এমন সময় মেয়র এসে এই হামলা চালান। তিনি বলেন, তাঁরা তাঁদের সেখান থেকে উদ্ধার করে নিরাপদ এলাকায় পৌঁছে দিয়ে এসেছেন। তিনি নাজিরের মামলার কথা স্বীকার করেন। তিনি বলেন, এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে কথা বলার জন্য আক্কাস আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মেয়র সাত দিনের সময় চেয়েছিলেন। সময় না দেওয়ার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে সেখানে যান। এ অভিযোগে বাঘা পৌরসভার মেয়রের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে বাঘা থানায় মামলা হয়েছে। মেয়রের হামলায় আহত রাজশাহীর আদালতের নায়েব নাজির রুহুল আমিন বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার বাঘায় রাজশাহী জজকোর্টের নায়েব নাজির রুহুল আমিন, জারিকারক আক্তারুজ্জামান, আবদুর রশিদ ও বরকত শেখকে বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী মারধর করেন। তাঁদের সেখান থেকে উদ্ধার করে পুলিশ নিরাপদ দূরত্বে পৌঁছে দেয়। পরে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নেন।