বাঘা বগলাটি ছেড়ে দেওয়া হলো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধরা পড়া সেই হাইল হাওরের পশ্চিম শ্রীমঙ্গল অংশে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাঘা বগলাটি ছেড়ে দেওয়া হয়েছে। গত বুধবার সকালে অতি বিরল প্রজাতির এ পাখিটি ধরা পড়ে সেই জেলেদের জালে আটকা পড়ে। পরে তার ঠাঁই হয়েছিল শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানায়। পাখিটি অবমুক্ত করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবক পাখি বিশেষজ্ঞ পল এম থম্পসন, আইপ্যাকের সিলেট অঞ্চলের পরিচালক মো. মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব প্রমুখ। শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব বলেন, বুধবার সকালে হাইল হাওরের পশ্চিম শ্রীমঙ্গল এলাকার রাস্তায় এক জেলের কাছ থেকে পাখিটি উদ্ধার করা হয়। পাখিটি বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। জালে লেগে পাখিটির বাম ডানা এবং বড়শিতে লেগে ঠোঁটের আঘাতটি বেশ গুরুতর ছিল। চিড়িয়াখানায় রেখে চিকিৎসা দিয়ে এটিকে মোটামুটি সুস্থ করে তোলার পর পাখি বিশেষজ্ঞ ইনাম আল হকের পরামর্শে এটিকে ছেড়ে দেওয়া হয়েছে। এম পল থম্পসন প্রথম আলোকে বলেন, তাঁর জানামতে, বাংলাদেশে এ পাখিটি তৃতীয়বার দেখা গেছে। ১৯৯২ সালে সুনামগঞ্জের একটি হাওরে, ১৯৯৩ সালে মৌলভীবাজারের হাকালুকি হাওরে এবং বুধবার ১৬ বছর পর শ্রীমঙ্গলে হাইল হাওরে দেখা যায়। পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক প্রথম আলোকে বলেন, পাখিটির বাংলা নাম ‘বাঘা বগলা’। ইংরেজি নাম ইউরেশিয়ান বিটার্ন এবং বৈজ্ঞানিক নাম বোটারাস স্টেলারিস (Botaurus stellaris)। বাঘা বগলা বাংলাদেশে অতি বিরল পাখি। পাখিটি অত্যন্ত লাজুক।