বাঘা যতীনের মৃত্যুর শততম বার্ষিকী পালন
শুরুতেই আমন্ত্রিত দুই বাংলার অতিথিরা মঞ্চে গিয়ে বসলেন। বেজে উঠল দুই দেশের জাতীয় সংগীত। কণ্ঠ মেলালেন অতিথিসহ হাজারো মানুষ। এরপর মঙ্গলপ্রদ্বীপ প্রজ্বালন করা হলো। এভাবেই দুই দেশের বিশিষ্টজনেরা ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের মৃত্যুর শততম বার্ষিকী পালন করেন।
বিপ্লবী বাঘা যতীনের জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গতকাল বুধবার। সকাল সাড়ে ১০টায় কয়া কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ ও ভারতের বিশিষ্টজনেরা।
একপর্যায়ে ভারতের অতিথিরা মঞ্চে রাখেন দুটি ঘটি। জানানো হয়, ঘটি দুটির ভেতর ভারতের ওডিশার বালাশোরের কপ্তিপোদা থেকে মাটি ও জল নিয়ে আসা হয়েছে। এই স্থানেই ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর ইংরেজ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন বিপ্লবী বাঘা যতীন। মাটি ও জল বাংলাদেশের আয়োজকদের মাধ্যমে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হকের হাতে তুলে দেন।
মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের অধিনায়ক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধে এই এলাকায় যুদ্ধ করেছিলাম। আজ বাঘা যতীনের মৃত্যুশতবার্ষিকীর অনুষ্ঠানে আসতে পেরে গর্ববোধ করছি।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাঘা যতীনের পৌত্র ইন্দুজ্যোতি মুখোপাধ্যায় বলেন, ‘বাঘা যতীনের মতো বীর সেনারা স্বাধীনতাসংগ্রামে জীবন দিয়েছেন তাঁদের আত্মত্যাগের কথা আমাদের প্রতিনিয়ত স্মরণ করা উচিত। আমি তাঁর উত্তরসূরি হিসেবে গর্ববোধ করছি। মনে হচ্ছে আমি কুষ্টিয়ার কয়ার সন্তান।’