বাঘা যতীনের মৃত্যুর শততম বার্ষিকী পালন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের মৃত্যুর শততম বার্ষিকী উপলক্ষে আজ বুধবার তাঁর জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় কয়া কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ ও ভারতের বিশিষ্টজনেরা।
আয়োজক কমিটির সদস্যরা জানান, উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ভারত সরকারের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন, মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের অধিনায়ক ও গণ আদালতের অন্যতম বিচারক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী এবং ভারতের ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের চেয়ারম্যান অরিন্দম মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ‘শহীদ বাঘা যতীনের মৃত্যুশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি’র সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন শাহরিয়ার কবির।
১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর ভারতের ওডিশার বালাশোরের কপ্তিপোদায় ইংরেজ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হন বিপ্লবী বাঘা যতীন।