বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই ১৪ দিন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে৷ এতে রোগী ও তাদের স্বজনেরা চরম ভোগান্তির শিকার হচ্ছে৷
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালের রিংওয়েলের পানির স্তর নেমে যাওয়ায় গত ১১ মে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়৷ এ ছাড়া ১১ মে থেকে হাসপাতালে বিদ্যুতের লো-ভোল্টেজ চলছে৷ তাই এখন পানির স্তর বাড়লেও রিংওয়েল থেকে পাম্পের সাহায্যে পানি সরবরাহ করা সম্ভব হবে না৷
এদিকে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ বেশ কয়েকজন রোগীর অভিভাবক বলেন, তাঁরা এক কিলোমিটার দূরের একটি টিউবওয়েল থেকে পানি এনে কাজ সারছেন৷ এখন ওই টিউবওয়েল থেকে পর্যাপ্ত পানি উঠছে না৷
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, পুরুষ ও নারী ওয়ার্ডে রোগী আছে ১৫-২০ জন৷ ওয়ার্ডের শৌচাগারগুলো থেকে বের হওয়া তীব্র দুর্গন্ধ থেকে বাঁচতে রোগী ও তাদের স্বজনেরা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রেখেছে৷
কলেজপাড়া গ্রামের রোজিনা বেগম বলেন, ‘চার দিন আগে আমার স্বামী হাসপাতালে ভর্তি হয়েছেন৷ এক কিলোমিটার দূরে গিয়ে টিউবওয়েল থেকে পানি এনে প্রয়োজনীয় কাজ সারছি৷ এখন সেখানেও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। আরও কিছুদিন এভাবে চললে রোগীরা বাড়ি চলে যেতে বাধ্য হবে।’
পানির পাম্পের টেকিনশিয়ান মো. আজিজুর রহমান বলেন, গত ১১ মে হঠাৎ পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পরীক্ষা করে দেখা যায়, পানির পাম্প ঠিক আছে।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আরিফ উদ্দিন বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে৷
পিডিবির বাঘাইছড়ি কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. আবদুর রহিম বলেন, কিছুদিন আগে হঠাৎ করে ভোল্টেজ কমে যায়৷