বাঘাইছড়িকে খাগড়াছড়ির অধীনে নেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাকে প্রশাসনিকভাবে খাগড়াছড়ি জেলার আওতাভুক্ত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল রোববার সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর মেয়র মো. আলমগীর কবির, কাচালং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, সাবেক পৌর প্রশাসক মো. নিজাম উদ্দিন, রুপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জমির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, জনসংহতি সমিতির (সন্তু) বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে বাঘাইছড়ি উপজেলাকে খাগড়াছড়ি জেলার অধীনে নেওয়ার অপচেষ্টা চলছে। এ কার্যক্রম বন্ধ না হলে বাঘাইছড়ি অচল করে দেওয়া হবে।