বাঘাইছড়িতে অগ্নিদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের কাচালং বাজার এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে ২৩ জানুয়ারি অনুদান ও ত্রাণ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা।

বাঘাইছড়ি পৌরসভা সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় দুর্গত পরিবারগুলোকে ২০ কেজি করে চাল দেওয়া হয়। সংরক্ষিত ২৯৯ আসনের সাংসদের প্রতিনিধি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিলীপ কুমার দাশ চাল বিতরণ করেন। পরে পৌরসভার পক্ষ থেকে ৩৫ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে অংশ নেন পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুল শুক্কুর মিয়া। এ ছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুদার, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মুছা মাতবর, বাঘাইছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জমির উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল আলীম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২১ জানুয়ারি রাত সোয়া ১২টায় কাচালং বাজার এলাকায় আগুনে ৩৭ পরিবারের বসতঘর পুড়ে যায়।