বাঘাইছড়িতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজক খাগড়াছড়ি গ্রামে অস্ত্রসহ নির্ভীক চাকমা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল বুধবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
থানা ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিজক খাগড়াছড়িসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ আসছে নিরাপত্তা বাহিনীর কাছে। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন সন্ত্রাসী শিজক খাগড়াছড়ি গ্রামে অবস্থান করছে। মাইনী জোন অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল আলিমের নেতৃত্বে পুরো এলাকা ঘেরাও করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও নির্ভীক চাকমা একটি বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়ি তল্লাশি করে তাঁকে আটক করা হয়। তাঁর কাছে দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি গাদা বন্দুক, পিস্তলের ১০টি গুলি, ১৭ হাজার ২৪১ টাকা, একটি ট্যাব ও দুটি মুঠোফোন পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাবাদে তিনি জনসংহতি সমিতির (সন্তু) কর্মী বলে দাবি করেছেন।
তবে জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক ত্রিদীপ চাকমা বলেন, ‘নির্ভীক চাকমা আমাদের কর্মী। তিনি গ্রাম পর্যায়ে যুব সমিতির সদস্য। তিনি কোনো সন্ত্রাসীর সঙ্গে জড়িত নন।’
খাগড়াছড়ি ব্রিগেডের কর্মকর্তা মেজর মো. সেলিম বলেন, ‘আমাদের কাছে খবর আসে, দীর্ঘদিন ধরে শিজক খাগড়াছড়ি এলাকায় সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করছে। গতকাল গোপন সংবাদ পেয়ে খাগড়াছড়ি গ্রামে অভিযান চালানো হয়। একটি ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করা হয়।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, আসামিকে থানায় দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।