বাঘাইছড়িতে আগুনে পুড়েছে ৪১ বসতঘর
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের কাচালং বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৪১টি বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে কাচালং বাজারের উত্তরে মো. শহর মুল্লুকের বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন শহর মুল্লুকের বাড়িসহ আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ৩৭টি পরিবারের ৪১টি বসতঘর পুড়ে যায়।
বিজিবির মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর মো. লোকমান সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিজিবির পক্ষ থেকে ২৬টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. শহর মুল্লুক বলেন, ‘আমরা সবাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ জেগে দেখি আমার বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ঘর থেকে বের হয়ে আসি। আমার ঘরের কোনো কিছু রক্ষা করা যায়নি। সব পুড়ে গেছে।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষক মো. হোসেন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত বেশির ভাগ পরিবারই জিনিসপত্র বের করতে পারেনি। প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে বেশির ভাগ বসতঘরই রক্ষা করা যেত।