বাঘাইছড়িতে আগুনে পুড়েছে ১৫০ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে গত শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে চারটি বিপণিবিতানের দেড় শতাধিক দোকান পুড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মসজিদ মার্কেটের উত্তর-পশ্চিম কোনায় মো. রফিকের কাপড়ের দোকানে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আরও তিনটি মার্কেটে ছড়িয়ে পড়ে। ভোর পাঁচটার মধ্যে চার মার্কেটের দেড় শতাধিক দোকান পুড়ে যায়। সকাল সোয়া ছয়টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তার আগেই সব দোকান পুড়ে যায়। দোকান থেকে মালামাল বের করে আনার সময় অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে শ্যামল দাশ নামের একজনের পা ভেঙে যায়। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুনে কমপক্ষে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুতুব হুজুর মার্কেটের নূর বীজ ভান্ডারের মালিক মো. নূর আব্বাস বলেন, আগুনে তাঁর কমপক্ষে ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বলক শাহ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ বলেন, আগুনে তাঁর কমপক্ষে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
মসজিদ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন বলেন, চারটি মার্কেটের সব দোকান পুড়ে গেছে। আগুন ভয়াবহ হওয়ায় নেভানো সম্ভব হয়নি। তাঁদের ধারণা, ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ কোটি ছাড়িয়ে যাবে। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইয়াকুব আলী বলেন, তাঁরা পৌনে চারটায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন। তাঁরা সঙ্গে সঙ্গে রওনা দিয়েছেন। কিন্তু সড়ক আঁকাবাঁকা হওয়ায় পৌঁছাতে দুই ঘণ্টারও বেশি সময় লেগে যায়। তাঁরা পৌঁছার আগেই সব পুড়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে।