বাঘাইছড়িতে আগুনে ১০ দোকান-বাড়ি পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের চৌমুহনী এলাকায় আগুনে সাতটি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে কলেজ সড়কের চৌমুহনী মার্কেটের সুভাষ ধরের মোটরসাইকেলের গ্যারেজে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে তা পাশের অন্য দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। রাত একটার দিকে স্থানীয় মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরই মধ্যে সাতটি দোকান ও তিনটি বসতবাড়ি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
চৌমুহনী মার্কেটের আসবাবপত্রের দোকানের মালিক মো. কামাল হোসেন বলেন, আগুনে তাঁর কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সোলাইমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।