বাঘাইছড়িতে একজনকে গুলি করে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আবদুর রশীদ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। তাঁকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সদরের বিজিবি গেটের প্রায় ২০০ গজ দূরে মধ্যম পাড়ার বাসিন্দা আবদুর রশীদকে গুলি করা হয়। বিজিবি গেট থেকে হেঁটে বাড়ির দিকে আসার সময় একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে রশীদকে গুলি করে বটতলী এলকার দিকে চলে যায়। এ সময় আরও কমপক্ষে ১৫ থেকে ২০টি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই আশপাশের লোকজন রশীদকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্য সহকারী কণক বরণ চাকমা বলেন, আবদুর রশীদের পেটের নিচে গুলি লেগেছে। গুলি বাঁ ঊরুতে রয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তাঁকে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
আহত আবদুর রশীদ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক চিত্র বিকাশ চাকমার ব্যবসায়িক অংশীদার বলে জানা গেছে।
বাঘাইছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।