বাঘাইছড়িতে খাদ্য বিতরণ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নসহ খাদ্যসংকটে থাকা গ্রামগুলোতে জরুরি সহায়তা হিসেবে দেওয়া চাল বিতরণ শুরু করা হয়েছে। গত শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। শুক্রবার সকাল থেকে সাজেক ইউনিয়নের কংলাক পাড়ায় তিন গ্রামের ৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। এ সময় সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল আলীম ও ইউপি সদস্য উদয়ন চাকমা উপস্থিত ছিলেন।
এদিকে খাগড়াছড়ির স্বর্ণ টিলা এলাকার তিনটি পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছে উন্নয়ন সংস্থা বিরাম। চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইছামতী ধাতুরত্ন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ধর্মপ্রিয়ও খাদ্য সরবরাহের আশ্বাস দিয়েছেন। চট্টগ্রামের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর চাল, শাড়ি ও লুঙ্গি দেওয়ার আশ্বাস দিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল আলীম বলেন, আপাতত ৫০ পরিবারকে জরুরি ভিত্তিতে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। আরও বরাদ্দ দেওয়ার জন্য জেলা প্রশাসক স্যারকে অনুরোধ করা হয়েছে।