বাঘাইছড়িতে গ্রাম প্রধানকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের খুলামণি চাকমা (৪৫) নামের এক গ্রামপ্রধানকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র দল আট নম্বর গ্রামে এসে গ্রামের প্রধান (কার্বারি) খুলামণি চাকমার বাড়ি ঘেরাও করে। পরে বাড়ির লোকজনকে ঘুম থেকে তুলে অস্ত্রের মুখে খুলামণি চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।
সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য নতুনজয় চাকমা বলেন, অপহরণের ঘটনা সত্য। তবে কে বা কারা অপহরণ করেছে তা জানা যায়নি। অপহূত ব্যক্তিকে উদ্ধারে অপহরণকারীদের সঙ্গে সামাজিক-ভাবে যোগাযোগের চেষ্টা চলছে।
বাঘাইছড়ি থানার ওসি রফিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।