বাঘাইছড়িতে গ্রামপ্রধানসহ দুজনকে অপহরণ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমার ইউনিয়নের দুটি গ্রাম থেকে দুই ব্যক্তিকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
অপহূত ব্যক্তিরা হলেন নলবনিয়া গ্রামের প্রধান রমণী মোহন কার্বারি (৪৮) ও বড়দূরছড়ি গ্রামের অরুণ বিকাশ চাকমা ওরফে তুফান (৬০)।
অপহূত দুজনকে নিজেদের সদস্য বলে দাবি করেছে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি। সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার ভাষ্য, অপহূত দুই ব্যক্তি ওই দুই গ্রামের গ্রাম কমিটির সভাপতি।
তবে কে বা কারা ওই দুজনকে অপহরণের সঙ্গে জড়িত, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
অপহরণসংক্রান্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক। তবে তিনি বলেন, ‘এখনো কেউ কোনো অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ বা মামলা করা হলে ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকাবাসী ও অপহূত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ভাষ্য, গতকাল রাত ১১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত নলবনিয়া গ্রামে এসে গ্রামপ্রধান রমণী মোহন কার্বারির বাড়ি ঘিরে ফেলে। পরে বাড়ির লোকজনকে ঘুম থেকে তুলে তাঁকে তুলে নিয়ে যায়।
একই সময় পার্শ্ববর্তী গ্রাম বড়দূরছড়িতেও একদল দুর্বৃত্ত অরুণ বিকাশ চাকমার বাড়ি ঘেরাও করে। অস্ত্রের মুখে বাড়ির লোকজনের সামনেই তাঁকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, অপহূত ব্যক্তিদের মুক্তির ব্যাপারে এখনো কেউ মুক্তিপণ দাবি করেনি।