বাঘাইছড়িতে তিন সহোদর অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় লালবরণ চাকমা (৩৫), উদয়ন চাকমা (৩১) ও সুমন চাকমা (২৮) নামের তিন সহোদরকে অপহরণ করা হয়েছে।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। অপহূত ব্যক্তিরা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বড়ঋষি চাকমার ছোট ভাই। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল মারিশ্যা ইউনিয়নের তুলাবান গ্রামের লালবরণ চাকমার বাড়িতে এসে পানি খাওয়ার কথা বলে দরজা খুলতে বলে। এ সময় লালবরণ দরজা খোলার পর সশস্ত্র দুর্বৃত্তরা তাদের কিছুদূর এগিয়ে দিতে বলে। এরপর কিছুদূর গিয়ে অপর দুই ভাইয়ের বাড়ি ঘেরাও করে উদয়ন ও সুমনকেও ধরে আনে। পরে তাঁদের তিনজনকেই চোখ ও হাত বেঁধে নিয়ে যাওয়া হয়।
অপহূত তিন ভাইয়ের মধ্যে লালবরণ চাষি এবং উদয়ন বাঘাইছড়ি পৌরসভা ও সুমন তুলাবান উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী। সুমন চাকমার স্ত্রী কুসুমিকা চাকমা বলেন, ‘আমরা জানি না কারা অপহরণের সঙ্গে জড়িত। তবে সামাজিকভাবে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ বলেন, ‘ঘটনা শোনার পর সরেজমিনে পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পেয়েছি। তবে অপহূত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অপহরণকারীদের সম্পর্কে কোনো কিছু জানাতে পারেনি। থানায় কোনো অভিযোগও করা হয়নি।’