বাঘাইছড়িতে দুই পক্ষের বন্দুকযুদ্ধ, আটক ২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (সন্তু লারমা) সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। গতকাল বুধবার বাঘাইছড়ি ইউনিয়নের রাবারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জীবঙ্গাছড়া (বাবুপাড়া) গ্রামে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করেছে। তাঁরা হলেন ওই গ্রামের মনতোষ চাকমা (৪৫) ও সুরেশ কান্তি চাকমা (৪৮)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাবারবাগান এলাকায় গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। বিজিবি মারিশ্যা অঞ্চলের সদস্যরা বাবুপাড়া গ্রামের আট-দশটি বাড়িতে তল্লাশি চালিয়ে মনতোষ ও সুরেশকে আটক করেন। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজিবির সদস্যরা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
তবে এলাকাবাসী জানান, মনতোষ ও সুরেশ নিরীহ। তাঁরা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। ওই দুজনকে আটকের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা ইউনিটের সংগঠক সমশান্তি চাকমা। তিনি দাবি করেন, বন্দুকযুদ্ধের সঙ্গে তাঁদের সংগঠনের কেউ জড়িত নন। তাঁরা ওই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। এ ছাড়া সংঘর্ষে তাঁদের সংগঠনের কেউ নিহতও হননি।
জনসংহতি সমিতি বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বড়রিচি চাকমা জানান, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এলাকায় অস্ত্রধারীদের তৎপরতা বেড়ে গেছে। এ অবস্থায় চুক্তির পক্ষ ও বিপক্ষের লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের দুজন মারা গেছেন বলে এলাকাবাসী তাঁদের জানিয়েছেন।
বাঘাইছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকউল্লাহ প্রথম আলোকে বলেন, আটক হওয়া দুজন থানায় আছেন। বিজিবির মারিশ্যা অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল পারভেজ মজুমদার বলেন, আটক হওয়া ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে চাঁদা আদায়ের রসিদ পাওয়া গেছে। রাবারবাগান এলাকায় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।