বাঘাইছড়িতে পানিসংকট, মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে৷ এতে শতাধিক গ্রামের ৪০ হাজারের বেশি মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পোহাচ্ছে৷ সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন গ্রামে গিয়ে পানি সরবরাহ করছে বলে জানা গেছে৷
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গম এলাকায় শতাধিক গ্রামে ৪০ হাজারের বেশি লোকের বসবাস৷ তারা ছড়া, ঝরনা ও ঝিরির পানির ওপর নির্ভরশীল৷ কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায় এসব উৎসে পানি মিলছে না৷ রিংওয়েল কিংবা টিউবওয়েলেও পানি উঠছে না৷
বিজিবি সূত্রে জানা গেছে, পানিসংকট দেখা দেওয়ায় দুর্গম এলাকাসহ বিজিবির আওতাধীন এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে৷ সম্প্রতি তুলাবান, বাড়িবিন্দুঘাট, মুসলিক ব্লক, জীবতলী, মধ্যম বাঘাইছড়িসহ দুর্গম গ্রামগুলোতে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে৷
জীবতলী গ্রামের বিজয় চাকমা ও ধনবিন্দু চাকমা বলেন, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলগুলোতে পানি উঠছে না৷ সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, পাহাড়ি এলাকায় তীব্র পানিসংকট চলছে৷
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুল রাজ্জাক বলেন, বাঘাইছড়ি উপজেলার অধিকাংশ পাহাড়ি এলাকায় টিউবওয়েল কিংবা রিংওয়েল বসানো যায় না। তাঁরা যুগ যুগ ধরে ছড়া, কূপ, ঝিরি ও ঝরনার পানির ওপর নির্ভরশীল৷ বৃষ্টি না হলে ছড়াগুলো শুকিয়ে যায়৷ এতে পানিসংকট দেখা দেয় বলে তিনি জানান।
বিজিবির মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম বলেন, ‘কিছুদিন ধরে আমাদের কাছে আবেদন আসে পানির সরবরাহ করে দেওয়ার জন্য৷ খবর নিয়ে দেখলাম, দুর্গম এলাকাসহ আমাদের জোনের আওতাধীন এলাকায় তীব্র পানিসংকট দেখা দিয়েছে৷ ইতিমধ্যে আমরা ২০ হাজার লিটার পানি বিতরণ করেছি৷’